প্রধান বিচারপতির বিদায়ের দিনে আদালতে ‘তালা রাজনীতি’
বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা প্রধান বিচারপতির বিদায় সংবর্ধনা বর্জনের পর সরকার সমর্থক আইনজীবীদের অনুষ্ঠান থেকে ফিরতে হলো গেইট ভেঙে।
বৃহস্পতিবার উচ্চ আদালতের মূল ভবনের এক নম্বর বিচারকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূল ভবনের পাশেই আইনজীবী সমিতির তিন তলা ভবন।
দোতলা দিয়ে দুই ভবনের মধ্যে যাতায়াতের জন্য একটি পথ রয়েছে, যে পথ ধরে অধিকাংশ আইনজীবী তাদের ভবন থেকে বিচারালয়ে যান।
বেলা ১১টার দিকে সংবর্ধনা শুরুর আগেই দোতলার ওই পথের আইনজীবী সমিতি ভবন সংলগ্ন কলাপসিবল গেটটে তালা দেওয়া হয়। যারা পরে এসেছেন, এ পথ বন্ধ থাকায় তাদের বিকল্প গেইট দিয়ে সংবর্ধনায় যোগ দেন।
একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সমিতির দারোয়ানরা ওই গেইটে তালা দিয়েছেন। তবে কার নির্দেশে এ কাজ হয়েছে এ বিষয়ে মুখ খোলেননি কেউ।
বিএনপি সমর্থকদের দখলে থাকা আইনজীবী সমিতির পক্ষ থেকে সংগঠনের সভাপতি খন্দকার মাহবুব হোসেন আগের দিনই জানিয়েছিলেন, প্রধান বিচারপতির বিদায় সংবর্ধনায় তারা থাকবেন না।
তবে বিএনপির হরতাল-অবরোধের মধ্যেও আইনজীবীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় সংবর্ধনা অনুষ্ঠান।
আপিল বিভাগ ও হাই কোর্ট বিভাগের বিচারকরাও এজলাসে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের পাশে উপস্থিত ছিলেন।
আইনজীবীদের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল বাসেত মজুমদার অনুষ্ঠানে বক্তব্য দেন।
অনুষ্ঠান থেকে ফেরার পথেও ফটকে তালা দেখে সরকার সমর্থক আইনজীবীরা সমিতির সুপারিনটেনডেন্ট নিমেশ চন্দ্র দাসকে ডাকাডাকি শুরু করেন।
কিন্তু সমিতি অফিসের কেউ সাড়া না দেওয়ায় কয়েকজন এগিয়ে যান এবং তালায় লোহার রড দিয়ে আঘাত করেন। সেই আঘাতেও তালা না ভাঙায় বিপুল সংখ্যক আইনজীবী কলাপসিবল গেট ধরে ধাক্কাধাক্কি শুরু করলে উত্তেজনা সৃষ্টি হয়।
এক পর্যায়ে কয়েকটি লোহার পাত আলগা হয়ে গেইটটি ভেঙে বেরিয়ে আসে।
আওয়ামী লীগের উপদেষ্টা ইউসুফ হোসেন হুমায়ুন, সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির, বারের সাবেক সম্পাদক শ ম রেজাউল করিম ও নুরুল ইসলাম সুজনসহ সরকার সমর্থক আইনজীবী নেতারা এস সময় উপস্থিত ছিলেন।
রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিনিয়র আইনজীবীরা সংবর্ধনা থেকে ফেরার পথে কে বা কারা তালা লাগিয়েছে। সেখানে আমরা বিপুল সংখ্যক আইনজীবী আটকা পড়ি।
“পিয়নদের ডাকার পরও তারা চাবির সন্ধান দিতে পারেনি। এরপর আমরা ধাক্কাধাক্কি করতে থাকলে গেইট খুলে যায়।”
কারা তালা লাগিয়েছে জানতে চাইলে তিনি বলেন, “রাজনৈতিক উদ্দেশ্যে বহিরাগত কেউ এ তালা লগিয়েছে বলে আমরা মনে করি।”
পরে এ বিষয়ে প্রশ্ন করলে বারের সম্পাদক মাহবুব উদ্দিন খোকন বলেন, “তালা কারা মেরেছে জানি না। তদন্তের মাধ্যমে সমিতির সম্পদ বিনষ্টকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। সমিতির কোনো সদস্য জড়িত থাকলে সদস্যপদ বাতিল করা হবে।”
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির যুগ্ম মহাসচিব খোকন এক প্রশ্নের জবাবে বলেন, কারা তালা মেরেছে আর কারা ভেঙেছে- তার কোনোটাই তিনি জানেন না।
