‘যুগান্তকারী রায়ে স্মরণে থাকবেন বিচারপতি মোজাম্মেল’
আইনজীবী ও বিচারপতি হিসাবে ৩৬ বছর বাংলাদেশের উচ্চ আদালতে কাটিয়ে বিদায় নিলেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।
বাংলাদেশের ইতিহাসে ‘যুগান্তকারী’ কয়েকটি রায়ের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন বলে মনে করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম।
সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিলের মাধ্যমে দুই সামরিক সরকারের শাসনকে অবৈধ ঘোষণা এবং ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে চালু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় যেসব বেঞ্চ থেকে এসেছিল, তাতে সদস্য হিসাবে ছিলেন বিচারপতি মোজাম্মেল হোসেন।
এছাড়া বঙ্গবন্ধু হত্যা মামলা, জেল হত্যা মামলাসহ বিভিন্ন আলোচিত মামলায় তিনি বিচারকের দায়িত্বে ছিলেন।
শুক্রবার পর্যন্ত চাকরির মেয়াদ থাকলেও তার আগে শেষ কর্মদিবস বৃহস্পতিবার বিচারপতি মোজাম্মেল হোসেনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
বিএনপির হরতাল-অবরোধের মধ্যেও উচ্চ আদালতের এক নম্বর বিচারকক্ষে এই অনুষ্ঠানে ছিল আইনজীবীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ। আপিল বিভাগ ও হাই কোর্ট বিভাগের বিচারকরাও এজলাসে প্রধান বিচারপতির পাশে উপস্থিত ছিলেন।
আইনজীবীদের মধ্যে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল বাসেত মজুমদার অনুষ্ঠানে বক্তব্য দেন। বিদায়ী বক্তব্য দেন মো. মোজাম্মেল হোসেন।
তিনি বলেন, “আমাদের সাংবিধানিক স্কিমে নির্বাহী বিভাগ, আইন বিভাগ, ও বিচার বিভাগের সমান ভূমিকা রয়েছে। এই তিন অর্গানের মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স রাখতে হবে। কেউ তাদের সীমা অতিক্রম করা উচিত হবে না।”
এই তিন বিভাগের মধ্যে ‘সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক’ আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাষ্ট্রের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় সহায়ক বলেও তিনি উল্লেখ করেন।
১৯৪৮ সালের ১৭ জানুয়ারি জন্মগ্রহণকারী মোজাম্মেল হোসেন ১৯৬২ সালে কিশোরগঞ্জ হাই স্কুল থেকে মাধ্যমিক এবং ১৯৬৪ সালে গুরু দয়াল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি নেওয়ার পর ১৯৭১ সালে সাংবাদিকতায় মাস্টার্স করেন তিনি। একই বছর আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন নিম্ন আদালতে।
১৯৭৮ সালে হাই কোর্টে আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হওয়ার পর যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ে এলএলএম পড়েন। ১৯৮০ সালে লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার হন মোজাম্মেল হোসেন।
এরপর নাইজেরিয়ার মাইডিগুরি বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষককতা করেছেন। খণ্ডকালিন শিক্ষক হিসাবে কাজ করেছেন ঢাকার সিটি ল’ কলেজ ও ধানমন্ডি ল’ কলেজেও।
১৯৯৮ সালের ২৭ এপ্রিল হাই কোর্টের বিচারক হওয়ার পর ২০০৯ সালের ১৬ জুলাই আপিল বিভাগে আসেন বিচারপতি মোজাম্মেল হোসেন। ২০১১ সালের ১৮ মে পান প্রধান বিচারপতির দায়িত্ব।
বিদায় সংবর্ধনায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, ১৯৬৬ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনেও সক্রিয় ছিলেন মোজাম্মেল হোসেন। মুক্তিযুদ্ধ চলাকালে তৎকালীন ইকবাল হলে তার কক্ষ পাকিস্তানি সৈন্যরা পুড়িয়ে ফেলে।
আপিল বিভাগে জামায়াত নেতা কাদের মোল্লা ও দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধ মামলাতেও তিনি বিচারক হিসাবে ছিলেন।
এসব মামলা ‘ঐতিহাসিক মামলা’ হিসাবে বিবেচিত হবে উল্লেখ করে মাহবুবে আলম বলেন, “আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং সংবিধান সমুন্নত রাখার প্রয়াসে আপনি নিজেকে নিয়োজিত রেখেছেন। যুগান্তকারী রায় প্রদানের মাধ্যমে আপনি নিজেকে চির স্মরণীয় করে রেখেছেন।”
একজন বিচারক হিসাবে মোজাম্মেল হোসেনের ভূমিকা দেশের বিচার বিভাগের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলেও উল্লেখ করেন সরকারের শীর্ষ আইন কর্মকর্তা।
“ভবিষ্যতে মামলা পরিচালনার ক্ষেত্রে যখনই প্রয়োজন হবে, আমরা আপনার রায় ও সিদ্ধান্তের শরণাপন্ন হব। সর্বদাই আমাদের মানসলোকে আপনার উপস্থিতি অনুভব করব।”
অ্যাটর্নি জেনারেল বলেন, “একজন বিচারক বেঁচে থাকেন তার প্রদত্ত রায়ের মাধ্যমে। তিনি তার কাজের মাধ্যমে ইতিহাসের অংশ হয়ে যান।”
