২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কী ভাই, অবরোধও দেবেন, আবার মামলাও করবেন’

হরতাল-অবরোধের মধ্যে সুপ্রিম কোর্টে মামলা পরিচালনা করতে এসে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের রসিকতার মুখে পড়তে হল বিএনপির এক আইনজীবীকে।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2015, 06:25 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

হেলাল উদ্দিন মোল্লা নামের এই আইনজীবী ২০১২ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল থেকে সম্পাদক প্রার্থী হয়েছিলেন।

ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগ সমর্থিত মোমতাজ উদ্দিন আহমদ মেহেদীর কাছে পরাজিত হয়েছিলেন।

বৃহস্পতিবার সকালে তিনি সাভারের সাবেক উপসহকারী প্রকৌশলী রাকিবুল হাসান রাসেলের পক্ষে শুনানি করতে আপিল বিভাগে যান।

রানা প্লাজা ধসের ঘটনা সংক্রান্ত ইমারত নির্মাণ আইনে রাজউকের করা মামলায় কারাগারে রয়েছেন রাকিবুল।

আপিল বিভাগে এই মামলা জিতে বের হওয়ার পর বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক মো. রবিউল আলম বুদু বিএনপির হেলালকে উদ্দেশ্য করে বলেন, “কী ভাই, অবরোধও দিবেন, আবার মামলাও করবেন। কিভাবে হয়?”

হেলাল উদ্দিন তখন হাসতে হাসতে বলেন, “করতে হয় ভাই, মামলা করতে হয়।”

নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে গত ১০ দিন ধরে অবরোধ চালিয়ে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল।

এর মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর হামলা হলে বৃহস্পতিবার সারাদেশে দিনব্যাপী হরতাল ডাকা হয়।

এই হরতালের মধ্যে বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের বিদায় সংবর্ধনা হয়। বিএনপি সমর্থক আইনজীবীরা এই অনুষ্ঠান বর্জন করে।

পুরনো খবর:

হরতাল ‘সফল’, অবরোধ চালিয়ে যান: রিজভী