২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল ‘সফল’, অবরোধ চালিয়ে যান: রিজভী

রিয়াজ রহমানের ওপর হামলার প্রতিবাদে দিনব্যাপী ডাকা হরতাল সফল হয়েছে দাবি করে আগের কর্মসূচি অবরোধ চালিয়ে যেতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2015, 05:40 PM

Updated : 12 Oct 2022, 03:10 PM

“১২ ঘণ্টার হরতাল সফল করার জন্য বিএনপির পক্ষ থেকে জনসাধারণকে অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত চলমান অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।”

বিক্ষিপ্ত বোমাবাজি, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের মধ্য দিয়ে হরতাল শেষ হওয়ার পর রিজভী বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে একথা বলেন।

নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে লাগাতার অবরোধ চলার মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ গুলিবিদ্ধ হওয়ার পর বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকে ২০ দল।

অবরোধের মধ্যে ডাকা এই হরতালের আলাদা কোনো বৈশিষ্ট্য চোখে পড়েনি। অবরোধের দিনগুলোর মতোই রাজধানীসহ অন্যান্য শহরগুলোর ভেতরে যান চলাচল করছিল। ট্রেন চলাচলও ছিল আগের দিনগুলোর মতো।

হরতালের মধ্যে বড় ধরনের কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি। অবরোধের মধ্যে গাড়ি পোড়ানোয় দগ্ধ দুজন এদিন হাসপাতালে মারা যান।

Image
হরতালে মতিঝিলের চিত্র

হরতালে মতিঝিলের চিত্র

হরতালে বিএনপি কার্যালয় ঘিরে আগের মতোই ছিল পুলিশ, কোনো নেতা-কর্মী সেদিকে ভেড়েননি।  দলটির চেয়ারপারসন খালেদা জিয়াও ছিলেন তার কার্যালয়ে পুলিশি বেষ্টনিতে।

বিরোধী জোটের কর্মসূচিতে নাশকতার জন্য সরকারকে দায়ী করে রিজভী বলেন, “অমানবিক নাশকতা সৃষ্টি করে বিরোধী দলের বিরুদ্ধে তারা (সরকার) অপপ্রচার চালালেও মানুষ তা কখনোই বিশ্বাস করবে না।”

বিএনপি নেতা বলেন, “সরকার জনম্যান্ডেট ছাড়া অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে নাশকতা, সন্ত্রাস, হানাহানি, খুনোখুনির ওপর নির্ভর করেই দেশ পরিচালনা করছে।

“তারা বিরোধী মত, সমালোচনা ও বিরোধী দল উচ্ছেদ অভিযানে সর্বশক্তি নিয়োগ করেছে। নিজেদের ক্ষমতাকে ঠিক রাখতে সরকার আজ আইনশৃঙ্খলা বাহিনীকে জনগনের মুখোমুখি দাঁড় করিয়েছে।’’

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে ‘সঙ্কটজনক’ অভিহিত করে রিজভী বলেন, “ভোটারবিহীন সরকারের এখন নিত্যসঙ্গী হচ্ছে অবিরাম মিথ্যাচার। প্রধানমন্ত্রী প্রতিদিন বলে যাচ্ছেন- দেশে না কি তিনি গণতন্ত্র দিয়েছেন। এক অদ্ভুত মানবী হচ্ছেন আমাদের ভোটবিহীন প্রধানমন্ত্রী।”

খালেদা জিয়াকে তার কার্যালয়ে অবরুদ্ধ, ভারপ্রাপ্ত মহাসচিবসহ নেতা-কর্মীদের কারাবন্দি করেও সরকার পার পাবে না বলে হুঁশিয়ার করেন তিনি।