বিচারপতি মোজাম্মেলের বিদায়েও নেই বিএনপি সমর্থকরা
পূর্ব ঘোষণা অনুযায়ী বিদায়ী প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের বিদায় সংবর্ধনায় থাকল না বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবীরা।
বৃহস্পতিবার উচ্চ আদালতের এক নম্বর বিচারকক্ষে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা নেওয়া এই প্রধান বিচারপতি দায়িত্ব নেওয়ার সময়ও তাকে সংবর্ধনা দেয়নি বিএনপি-জামায়াত সমর্থকরা।
বিএনপি সমর্থকদের দখলে থাকা আইনজীবী সমিতির পক্ষ থেকে বিদায়ী প্রধান বিচারপতিকে সংবর্ধনা না দেওয়ার সিদ্ধান্ত বুধবারই জানিয়েছিলেন সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।
সকালে সংবর্ধনা চলার সময় বিএনপি সমর্থক আইনজীবীরা হরতালের সমর্থনে একটি বিক্ষোভ সমাবেশে অংশ নেন। তবে যুদ্ধাপরাধ মামলায় দণ্ডিত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী ও মো. কামারুজ্জামানের আইনজীবী এসএম শাহজাহানকে সংবর্ধনা অনুষ্ঠানে নিতে দেখা গেছে।
‘বেঞ্চ গঠনে জ্যেষ্ঠ বিচারপতিদের কোনঠাসা করে রাখা, পুলিশ হেফাজতে থাকা অবস্থায় মৃত আইনজীবী এম ইউ আহমেদের বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়া’কে বিচারপতি মোজাম্মেল হোসেনকে সংবর্ধনা না দেওয়ার পেছনে কারণ হিসেবে দেখিয়েছেন আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।
বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, “এই প্রধান বিচারপতি ২০১৩ সালের ২৯ ডিসেম্বর সুপ্রিম কোর্টে আইনজীবীদের ওপর হামলার ঘটনায় কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। আটক থাকা অবস্থায় সমিতির সভাপতি ও সম্পাদকের জামিনের বিষয়ে পদক্ষেপ নেননি।”
মোজাম্মেল হোসেন দায়িত্ব নেওয়ার দিন ওই সময়কার আইনজীবী সমিতির সহসভাপতি এ কে এম জগলুল হায়দার আফ্রিকও সংবর্ধনায় বক্তব্য রেখেছিলেন।
তবে বর্তমান সমিতিতে মাত্র একটি সদস্য পদ সরকার সমর্থকদের দখলে রয়েছে। বাকী পদগুলোতে বিএনপি সমর্থকরা রয়েছেন।
