তাপস হত্যা: মাস পেরোলেও গ্রেপ্তার হননি মূল আসামি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে শিক্ষার্থী তাপস সরকার খুন হওয়ার পর এক মাস পেরিয়ে গেলেও গ্রেপ্তার হয়নি হত্যা মামলার প্রধান আসামি আশরাফুজ্জামান আশা।
ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক গ্রুপ ভি এক্স পক্ষের আশার নেতৃত্বে হামলায় গুলিবিদ্ধ হয়ে তাপসের মৃত্যু হয় বলে ঘটনার পর পুলিশ ও ছাত্রলীগের অপর গ্রুপ সিএফসির কর্মীরা দাবি করেছিল।
এরপর এক মাসে ওই ঘটনায় দায়ের করা দুটি মামলার ৩০ আসামির মধ্যে ১০ জনকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ।
গ্রেপ্তারদের আটজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে ‘কিছু’ তথ্য পাওয়া গেলেও তদন্তের স্বার্থে তা বলতে অস্বীকৃতি জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা হাবিবুর রহমান।
এদিকে গ্রেপ্তার আসামিদের মুক্তি ও ‘প্রকৃত হত্যাকারীদের’ গ্রেপ্তারসহ ছয় দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ে অবরোধের মত কর্মসূচিও পালন করেছে ছাত্রলীগের ভিএক্স গ্রুপ।
গত বছরের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে ফুল দেওয়ার পর সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক দুই পক্ষ ভিএক্স ও সিএফসির কর্মীরা।
এসময় গুলিবিদ্ধ হয়ে মারা যান বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তাপস সরকার।
এ ঘটনার পর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে হত্যার জন্য একে অপরকে দায়ী করে সিএফসি ও ভিএক্স কর্মীরা।
তাপস কার গুলিতে মারা গেলেন এবং তার শরীরে কয়টি গুলি লেগেছিল তা নিয়েও বিতর্কে জড়ায় দুই পক্ষ।
হাটহাজারি থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাহউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন “তাপসের শরীরে যে একটি গুলি লেগেছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। ময়নাতদন্তের রিপোর্টেও তার শরীরে একটি গুলির কথা উল্লেখ করা হয়েছে।”
ঘটনার দিন বিকালে ছাত্রলীগের ভিএক্স গ্রুপ নিয়ন্ত্রিত শাহজালাল হলে অভিযান চালায় পুলিশ। অভিযানে অস্ত্র উদ্ধারের পাশাপাশি ২৪ জনকে আটক করা হয়, যাদের পাঁচ জনকে ওই ঘটনায় পুলিশের দায়ের করা অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
তাপসের এক সহপাঠীর করা হত্যা মামলায় ভিএক্স গ্রুপের ৩০ জনের নাম উল্লেখ করা হয়, যাদের তিনজন অস্ত্র মামলারও আসামি।
এরপর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই মামলারই আরও পাঁচ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তাররা হলেন-রুবেল দে, রাশেদ হোসাইন, মোশাররফ হোসেন রায়হান, প্রদীপ চক্রবর্তী, আবু আহাদ অমি, জাহেদ আহমদ, রেজাউল করিম, এনামুল হাসান, আসিফ ইকবাল সাকিব, শফিকুল ইসলাম।
এরা সবাই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভিএক্স পক্ষের নেতাকর্মী বলে পুলিশ জানিয়েছে।
শুরু থেকেই এ ঘটনায় জড়িত হিসেবে পুলিশের নজর ছিলেন ভিএক্স গ্রুপের নেতা ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির উপ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান আশা।
তাপস হত্যা মামলার তদন্ত কর্মকর্তা হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হত্যা মামলার ৩০ জন আসামির মধ্যে আট জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রধান আসামি আশরাফুজ্জামান আশাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
“ওইদিন ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে তাদের মোবাইল ট্র্যাকিং করা হচ্ছে। আটজনকে রিমান্ডেও নিয়ে জিজ্ঞাসাবাদ করেছি।“
