ঝালকাঠীতে টেম্পোর ধাক্কায় গৃহবধূ নিহত
ঝালকাঠীর রাজাপুর উপজেলায় সোমবার টেম্পোর ধাক্কায় এক গৃহবধূ নিহত হয়েছেন।
নিহত রেহেনা বেগম (৩৫) নারিকেলবাড়িয়া গ্রামের হাসেম হাওলাদারের স্ত্রী।
রাজাপুর থানার পরিদর্শক (অপারেশন) মাসুদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামে রাজাপুর-লেবুবুনিয়া সড়ক পার হওয়ার সময় একটি টেম্পো রেহেনাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা উদ্ধার করে প্রথমে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রেহেনার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি বলে পরিদর্শক মাসুদুজ্জামান জানান।
