২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবার পাশে চিরনিদ্রায় চাষী নজরুল

জন্মভুমি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর গ্রামে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন প্রয়াত চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

ও মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2015, 05:55 PM

Updated : 12 Oct 2022, 03:09 PM

পুরনো খবর:

এ ক্ষতি সহজে পূরণের নয়: প্রধানমন্ত্রী
'আমরা তোমাদের ভুলবো না'
এফডিসিতে চাষী নজরুলকে শেষ বিদায়
চাষী নজরুল ইসলাম আর নেই

শ্রীনগর থানার ওসি শেখ মাহবুবুর রহমান জানান, সোমবার বিকাল ৫টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে বাদ আছর সমষপুর হাই স্কুল মাঠে তার শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ এর এই নির্মাতার মরদেহ বিকাল ৩টা ১০ মিনিটে একটি মাইক্রোবাসে করে সমষপুর পৌঁছে।

এর আগে সকাল সোয়া ১০টার দিকে চাষী নজরুলের মরদেহ এফডিসিতে নেওয়া হয়। সেখানে তাকে জানানো হয় রাষ্ট্রীয় সম্মান।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, চিত্রনায়ক রাজ্জাক, আলমগীর, নায়িকা কবরী, সুচন্দা, ববিতা, চম্পাসহ এফডিসির শিল্পী ও কলাকুশলীরা এ সময় উপস্থিত ছিলেন।

এফডিসি প্রাঙ্গণে জানাজা শেষে তার এই চলচ্চিত্রকারের মরদেহ নেওয়া হয় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে।  

দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত চাষী নজরুল ইসলাম রোববার ভোরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান।

গত মাসের শুরুতে গুরুতর অসুস্থ হয়ে ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছিলেন ‘ওরা ১১ জন’র এই নির্মাতা।

১৯৪১ সালের ২৩ অক্টোবর শ্রীনগর থানার সমষপুর গ্রামে মোসলেহ উদ্দিন খান ও শায়েস্তা খানমের ঘরে জন্ম হয় চাষী নজরুল ইসলামের। চার ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।

Image
ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Image
ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

১৯৬১ সালে ফতেহ লোহানীর ‘আছিয়া’ সিনেমার সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে আসেন চাষী নজরুল ইসলাম। এরপর পরিচালক ওয়াহেদ-উল-হকের সঙ্গেও বেশ কিছুদিন সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি।

মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ পরিচালনা করেন ১৯৭২ সালে। ছবিটি ব্যাপক প্রশংসা পায়।

এরপর ‘সংগ্রাম’, ‘ভালো মানুষ’, ‘বাজিমাত’, ‘বেহুলা লক্ষিন্দর’, ‘পদ্মা মেঘনা যমুনা, ‘হাঙর নদী গ্রেনেড’, ‘হাসন রাজা’, ‘মেঘের পরে মেঘ’, ‘শাস্তি’ ও ‘সুভা’র মতো সিনেমা নির্মাণ করেছেন তিনি।

১৯৮২ সালে বুলবুল-কবরী-আনোয়ারাকে নিয়ে ‘দেবদাস’ নির্মাণ করেছিলেন চাষী নজরুল ইসলাম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিয়োগান্ত এই কাহিনী নিয়ে ২০১৩ সালে আবার শাকিব খান-অপু বিশ্বাস-মৌসুমীকে নিয়ে নির্মাণ করেন চলচ্চিত্রটি।

১৯৮৬ সালে ‘শুভদা’, ১৯৯৭ সালে ‘হাঙর নদী গ্রেনেড’ চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ২০০৪ সালে পেয়েছেন একুশে পদক।