২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এফডিসিতে চাষী নজরুলকে শেষ বিদায়

যে প্রতিষ্ঠানের সঙ্গে ছিল নাড়ীর সম্পর্ক, সেই এফডিসিতে দীর্ঘদিনের সহকর্মীদের শেষ শ্রদ্ধায় সিক্ত হয়ে চির বিদায় নিলেন প্রয়াত চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2015, 02:18 PM

Updated : 25 Apr 2022, 12:53 PM

সোমবার সকাল সোয়া ১০টার দিকে চাষী নজরুলের মরদেহ এফডিসিতে নেওয়া হয়। মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ এর এই নির্মাতাকে সেখানে জানানো হয় রাষ্ট্রীয় সম্মান।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, চিত্রনায়ক রাজ্জাক, আলমগীর, নায়িকা কবরী, সুচন্দা, ববিতা, চম্পাসহ এফডিসির শিল্পী ও কলাকুশলীরা এ সময় উপস্থিত ছিলেন।

এফডিসি প্রাঙ্গণে জানাজা শেষে তার এই চলচ্চিত্রকারের মরদেহ নেওয়া হয় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে।  

দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত চাষী নজরুল ইসলাম রোববার ভোরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান।

এফডিসিতে প্রয়াত পরিচালককে নিজের ‘ভালো বন্ধু’ বলে স্মরণ করেন চিত্রনায়ক রাজ্জাক।

তিনি বলেন, “চলচ্চিত্রে এখন খুব দুর্দিন চলছে। চাষী নজরুল ইসলামের মতো এমন একজন পরিচালকের মৃত্যুতে বড় রকমের ধাক্কা আমরা খেয়েছি। চাষী নজরুল ইসলামের মতো এমন গুণী পরিচালকের অভাব কোনোদিনই পূরণ হবে না।”

অভিনেত্রী সুচন্দা বলেন, চাষী নজরুলের মতো ‘স্পষ্ট করে’ দেশ, মুক্তিযুদ্ধ আর সমাজের কথা চলচ্চিত্রে কেউ ফুটিয়ে তুলতে পারেননি।

নায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, “মুক্তিযুদ্ধের জন্য উনি যেভাবে ছবি নির্মাণ করেছেন, তার মতো করে এমন ছবি আর কেউ নির্মাণ করতে পারবে না।”

চাষী নজরুল নির্মিত ‘বিষবৃক্ষ’ চলচ্চিত্রে অভিনয়ের কথা স্মরণ করে স্মৃতিকাতর হন অভিনেত্রী চম্পা।

“ছবিতে আমার চরিত্র খুবই কঠিন ছিল। আমি ওই সিনেমার মধ্য দিয়ে ভালো কাজের হাতেখড়ি পেয়েছি। ‘পদ্মা-মেঘনা-যমুনা’ ও ‘শাস্তি’ সিনেমায় অনেক মানসম্মত চরিত্র পেয়েছিলাম।”

চাষী নজরুলের শেষ দুটি ছবি ‘ভুল যদি হয়’ ও ‘অন্তরঙ্গ’- তে এই পরিচালকের সঙ্গে কাজ করেছেন আলিশা প্রধান।

তিনি জানালেন, চিকিৎসকের বারণ সত্বেও চাষী নজরুল ইসলাম ‘কোথায় আছ কেমন আছ’ নামে আরেকটি সিনেমা বানাতে চেয়েছিলেন।

“বলেছিলেন, যদি সুস্থ থাকি তাহলে এই সিনেমার কাজ শুরু করব। সেটা আর হলো না।”

প্রয়াত চলচ্চিত্র নির্মাতার মেয়ে আন্নি জানান, বায়তুল মোকাররমে জোহরের পর আরেক দফা জানাজা শেষে তার বাবার মরদেহ নেওয়া হবে কমলাপুরের জসিম উদ্দীন রোডের বাসায়।

চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার জানান, প্রয়াত চিত্রপরিচালকের মরদেহ দুপুরের পর মুন্সিগঞ্জে নেওয়া হবে।

শ্রীনগরে গ্রামের বাড়িতে জনাজা শেষে আসরের পর মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত হবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একুশে পদকজয়ী এই চলচ্চিত্র নির্মাতা।

পুরনো খবর:

এ ক্ষতি সহজে পূরণের নয়: প্রধানমন্ত্রী
'আমরা তোমাদের ভুলবো না'
চাষী নজরুল ইসলাম আর নেই