২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জ ও মাগুরায় মঙ্গলবার হরতাল

খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখা, জোটের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও পুলিশি হয়রানির প্রতিবাদে মঙ্গলবার সুনামগঞ্জ ও মাগুরা জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ২০ দল।

মাগুরা প্রতিনিধি

সুনামগঞ্জ ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2015, 03:22 PM

Updated : 22 Aug 2022, 11:27 AM

সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী ও মাগুরা জেলা বিএনপি সভাপতি কবির মুরাদ নিজ নিজ জেলায় এ কর্মসূচির ঘোষণা দেন।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জ শহরের ওয়াপদা রোডে বিএনপির অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে আহ্বায়ক নাছির জানান, খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা, কেন্দ্রীয় নেতা শমসের মবিন চৌধুরী ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে মামলায় জড়ানোর প্রতিবাদে ও স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপিসহ ২০ দলীয় জোট মঙ্গলবার জেলায় হরতল করবে।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীনসহ জোটের নেতাকর্মীরা।

এদিকে, মাগুরা জেলা বিএনপির সভাপতি কবির মুরাদ একই ঘটনায় জেলায় মঙ্গলবার সকাল-সন্ধ্যার হরতালের কথা জানান। 

তিনি অভিযোগ করেন, পুলিশ তার বাড়ি ঘিরে রেখেছে। দলের সকল পর্যয়ের নেতা-কর্মীদের হয়রানি করছে। তিনিসহ নিরাপরাধ ৪২ নেতাকর্মীর নামে গাড়ি পোড়ানোর মিথ্যা মামলা দায়ের করেছে পুলিশ।

দেশব্যাপী বিএনপির ডাকা লাগাতার অবরোধের মধ্যে গত শুক্রবার রাতে মাগুরা শহরের ভায়না এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে একটি বাসে আগুন দেওয়া হয়।

পরদিন এ ঘটনায় পুলিশ জেলা বিএনপি সভাপতি কবির মুরাদসহ যুবদল-ছাত্রদলের ৪২ নেতাকর্মীর নামে সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেছে।