রাঙামাটিতে কারফিউ
নতুন মেডিকেল কলেজ নিয়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে রাঙামাটিতে সান্ধ্য আইন জারি করেছে জেলা প্রশাসন
শনিবার বাংলাদেশের বিভিন্ন স্থানে ১১টি মেডিকেল কলেজ উদ্বোধন করা হয়, যার একটি রাঙামাটিতে।
এই মেডিকেল কলেজ স্থাপনের বিরোধিতা করে আসছে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।
শনিবার মেডিকেল কলেজ উদ্বোধনের পর জেলা শহরে সরকার সমর্থকদের সঙ্গে পাহাড়িদের কয়েক দফা সংঘর্ষ হলে রাঙামাটি জেলায় ১৪৪ ধারা জারি করা হয়।
রোববারও দুই পক্ষের মধ্যে আবার উত্তেজনা দেখা দিলে কারফিউ জারি করা হয় বলে রাঙামাটির জেলা প্রশাসক শামসুল আরোফিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
কোতোয়ালি থানার ওসি সোহেল ইমতিয়াজ জানান, মেডিকেল কলেজ উদ্বোধনকে কেন্দ্র করে শনিবার সকালে শহরের নিউ কোর্ট বিল্ডিং এলাকাসহ বিভিন্ন জায়গায় ছাত্রলীগ কর্মী-সমর্থকদের সঙ্গে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির পাহাড়ি ছাত্র পরিষদ সমর্থকদের সংঘর্ষ হয়।
এ সংঘর্ষের জেরে ওইদিন বেলা ১২টা থেকে জেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।
ওসি বলেন, এর জেরে রোববার বিকাল ৫টার দিকে শহরের বনরুপা, ভেডভেডি, নিউ মার্কেটসহ বিভিন্ন এলাকায় আবার ওই দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
এ সময় পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।
তিনি বলেন, যে কোনো সহিংস পরিস্থিতি এড়াতে রোববার সন্ধ্যায় সাড়ে ৭টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত রাঙ্গামাটি শহরে সান্ধ্য আইন জারি করেন জেলা প্রশাসক সাসমুল আরেফিন।
