চট্টগ্রামে বিলবোর্ড উচ্ছেদ অব্যাহত
অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযানের চতুর্থ দিনে আরও ছয়টি বড় বিলবোর্ড ও ৭৫টি মেগাসাইন উচ্ছেদ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
রোববার সকালে নগরীর প্রবর্তক মোড় ও চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রধান ফটক সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে সিএমপিকে সহযোগিতা করে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।
সিসিসি’র রাজস্ব কর্মকর্তা শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এ অভিযানে প্রবর্তক মোড় ও চমেক মেইন গেইট এলাকা থেকে ছয়টি বড় বিলবোর্ড ও ৭৫টি মেগাসাইন উচ্ছেদ করা হয়েছে।
গত ১ জানুয়ারি থেকে সিএমপি ফুটপাতে থাকা সব বিলাবোর্ড অবৈধ ঘোষণা দিয়ে তা উচ্ছেদে নামে। এ পর্যন্ত মোট ৩৮টি বিলবোর্ড উচ্ছেদ করেছে সিএমপি।
এরআগে গত বছরের ১৬ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত অভিযান চালিয়ে মোট ৩৯টি অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করেছিল সিসিসি।
