ঝিনাইদহে দুর্বৃত্তের গুলিতে পিতা-পুত্র আহত
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় দুর্বৃত্তের গুলিতে পিতা-পুত্র আহত হয়েছে।
শনিবার রাতে উপজেলার পদ্মপুকুর গ্রামে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যবসায়ী মিজানুর সরকার ও তার ছেলে অভিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিজানুরের পদ্মপুকুর বাজারে একটি সিমেন্টের দোকান রয়েছে এবং অভি যশোর এমএম কলেজের ছাত্র।
মহেশপুর থানার ওসি লিয়াকত হোসেন জানান, রাত সাড়ে ৮টার দিকে মিজানুর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাদের মোটরসাইকেলের গতিরোধ করে পর পর তিন রাউন্ড গুলি ছুড়ে। এতে পিতা-পুত্র গুলিবিদ্ধ হয়।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
ওসি বলেন, “জমি নিয়ে বিরোধের জেরে এ হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
