২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতিরিক্ত বল প্রয়োগ বন্ধ করুন: এইচআরডব্লিউ

অতিরিক্ত বল প্রয়োগ ও বিরোধী মতের নেতাকর্মীদের ‘নির্বিচারে গ্রেপ্তার’ বন্ধের পাশাপাশি সংবাদ মাধ্যমের ওপর থেকে ‘বিধিনিষেধ’ অবিলম্বে তুলে নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2015, 06:48 PM

Updated : 25 Apr 2022, 12:52 PM

যুক্তরাষ্ট্রভিত্তিক এ মানবাধিকার সংস্থার এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, “সরকারের ক্রমাগত বলপ্রয়োগ, গ্রেপ্তার ও বিধিনিষেধ বর্তমান উদ্বেগজনক পরিস্থিতিকে কেবল আরও উসকে দেবে।”

৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে পাল্টিপাল্টি কর্মসূচি পালনের ঘোষণায় উত্তেজনার মধ্যে গত ৩ জানুয়ারি রাত থেকে নিজের গুলশানের কার্যালয়ে ‘অবরুদ্ধ’ হয়ে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

ওই রাতে তিনি গুলশান থেকে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে যাওয়ার জন্য বের হতে চাইলে পুলিশ পথ আটকায়। ৫ জানুয়ারি পূর্বঘোষিত কর্মসূচির জন্য খালেদা বের হওয়ার প্রস্তুতি নিলেও বাইরে থেকে কার্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয় পুলিশ।

এরপর কার্যালয়ের ভেতরে দাঁড়িয়েই খালেদা সারা দেশে লাগাতার অবরোধের ডাক দেন। পরদিন জাতীয় প্রেসক্লাবে গ্রেপ্তার হন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার হন ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।

সরকারের তরফ থেকে খালেদাকে অবরুদ্ধ রাখার কথা অস্বীকার করে বলা হয়েছে, তাকে নিরাপত্তা দিতেই পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ক্ষমতাসীন দলের কয়েকজন নেতা অবশ্য বলেছেন, ‘সহিংসতায় খালেদার উসকানি’ বন্ধেই এ ব্যবস্থা। 

বিএনপির টানা অবরোধে প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। ফলে নিরাপত্তাহীনতা ও আশংকা নিয়ে রাস্তায় বের হতে হচ্ছে সাধারণ মানুষকে। অবরোধকারীদের বোমা হামলায় ইতোমধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত ও দগ্ধ হয়েছেন। 

এছাড়া পুলিশ ও আওয়ামী লীগ সমর্থিতদের সঙ্গে বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাকর্মীদের সংঘর্ষে দুই পক্ষেরই বেশ কয়েকজন নিহত এবং কয়েকশ লোক আহত হয়েছেন।    

ব্র্যাড অ্যাডামস বলেন, “জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা কর্তৃপক্ষের দায়িত্বের মধ্যেই পড়ে। কিন্তু তা এমনভাবে করা উচিৎ নয় যাতে মানবাধিকার ও আইনের শাসন লঙ্ঘিত হয়।”

গত ৫ জানুয়ারি খালেদা জিয়া তার বক্তব্যে দাবি করেন,  বিএনপির কর্মসূচির খবর প্রচার করায় একুশে টেলিভিশনের সম্প্রচার সরকার বন্ধ করে দিয়েছে। তবে সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো নির্দেশনা না থাকার কথা জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। 

এক নারীর দায়ের করা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় পরদিন ভোরে গ্রেপ্তার করা হয় একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালামকে। এইচআইরডব্লিউ বিবৃতিতে সালামকে গ্রেপ্তারেরও সমালোচনা করেছে।

ব্র্যাড অ্যাডামস বলেন, “এখনকার কড়াকড়ির আগেই বাংলাদেশে সরকারের সমালোচনার স্বাধীনতা ছিল হুমকির মুখে। একটি টেলিভিশন বন্ধ করে দেওয়া এবং এর মালিককে গ্রেপ্তার কখনোই সেই সরকারের কাছ থেকে গ্রহণযোগ্য হতে পারে না, যারা নিজেদের গণতান্ত্রিক বলে দাবি করে।”