হরতাল-অবরোধে ভাংচুর-অগ্নিসংযোগ
বিএনপির অবরোধ ও বিভিন্ন জেলায় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ডাকা হরতালে ভাংচুর, অগ্নিসংযোগ ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার অবরোধের তৃতীয় দিনে চাঁপাইনবাবগঞ্জে ট্রাকে আগুন, যশোরে বাস ভাংচুর এবং নরসিংদীতে হাতবোমা ফাটিয়েছে হরতাল-অবরোধ সমর্থনকারীরা।
এছাড়া বাগেরহাটে পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জেলা বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩১ জনের নাম উল্লেখসহ ৪০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
বুধবার রাতে মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মহিন উদ্দিন বাদী হয়ে ওই মামলাটি করেন।
এদিকে হবিগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৩৯ জন, পঞ্চগড়ের দেবীগঞ্জে জামায়াত শিবিরের ৩১ নেতাকর্মী, সাতক্ষীরা বিএনপি- জামায়াতের নয় জন এবং সিলেট মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর-
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের সোনাসজিদ স্থলবন্দর থেকে পুলিশ, র্যাব ও বিজিবির পাহারায় ছেড়ে যাওয়া পণ্যবাহী ট্রাকে হামলা, ভাংচুরসহ দুটি ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা।
সকাল ৭টার দিকে বন্দর থেকে ছেড়ে যাওয়া পর দফায় দফায় এই হামলার ঘটনা ঘটে।
তবে স্থানীয়রা জানান, শিবগঞ্জ উপজেলার মুসলিমপুর, মোহদীপুর ও একাডেমি মোড়ে অবরোধকারীরা ওই ট্রাকবহরে হাতবোম ও ইট নিক্ষেপ করে। এতে তিনটি ট্রাকের সামনের কাচ ভেঙে যায়।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন জানান, শিবগঞ্জ উপজেলার মোহদীপুরে সকাল ৯টার দিকে একটি ট্রাক পাম্পে তেল নিতে গেলে ওই ট্রাকে অগ্নিসংযোগ করে।
পরে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করে হাতবোম নিক্ষেপ করে। এসময় এক পুলিশ গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া বেলা ১১টার দিকে শহরের শিবতলা মোড়ে একটি পাথর বোঝাই ট্রাকে পেট্রোল বোমা ছুড়ে মারলে তাতে আগুন ধরে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
এতে ট্রাক চালক নাটোরের বাবুল শেখ (৪০) ও তার সহকারী মামুন (২০) আহত হন। তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনাস্থল থেকে একটি হাতবোমাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নরসিংদী
অবরোধের তৃতীয় দিনে নরসিংদী শহরে একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এছাড়া বিএনপির নেতাকর্মীদের একটি মিছিল চলাকালে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
সদর থানার ওসি আবুল কাশেম জানান, রাত পৌনে ৮টার দিকে নরসিংদী রেল স্টেশন এলাকায় একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ করা হয়।
তবে, স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের সমর্থনে নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের নেতৃত্বে জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিল নিয়ে মহাসড়কে উঠতে চাইলে বাধা দেয় পুলিশ।
এ সময় পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ মিছিল থেকে অন্তত ১০টি হাতবোমা ফাটানো হয়।
ওসি কাশেম বারও জানান, এ সময় তারা মহাসড়কে একটি প্রাইভেটকার ও একটি পিক আপ ভ্যান ভাংচুর এবং ইটপাটকেল ফেলে মহাসড়ক অবরোধ করে।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ১৫টি হোতবোমা ও একটি পেট্রোল বোমা উদ্ধার করে।
যশোর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ডাকা হরতালে যশোরে বাস ভাংচুর করেছে হরতালকারীরা।
সকালে যশোর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বাস ছাড়ার চেষ্টা করলে হরতাল সমর্থকরা একটি বাস ভাংচুর করে। এসময় সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ গেলে হরতালকারীরা পালিয়ে যায়।
এছাড়া হরতালে শহরের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শহরে দু একটি হালকা যানবাহন ছাড়া তেমন কোন যান চলছে না।
