কারাগারে ফখরুলের সঙ্গে স্ত্রীর সাক্ষাৎ
কারাবন্দী বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেছেন তার স্ত্রী রাহাত আরা বেগম।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে গিয়ে রাহাত আরা বেগম দেখা করেন। সাক্ষাতের জন্য তাদের ১০ মিনিট সময় দেওয়া হয়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে কেন্দ্রীয় কারাগারের ২৬ নম্বর সেলে রাখা হয়েছে।
৫ জানুয়ারি বিএনপির ‘গণতন্ত্র হত্যা দিবসের’ কর্মসূচি নিয়ে উত্তাপের মধ্যে জাতীয় প্রেসক্লাবে গিয়ে পেশাজীবীদের একটি সমাবেশে বক্তব্য দেন ফখরুল।
পরদিন বিকালে সেখান থেকে বেরোনোর পর তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। বুধবার ফখরুলকে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
পুলিশ গাড়ি পোড়ানোর একটি মামলায় বিএনপির মুখপাত্র ফখরুলকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে তা নাকচ করে আদালত।
