২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে মেয়র-কাউন্সিলর সমর্থক সংঘর্ষ

ঝালকাঠী পৌরসভা মেয়র ও বিদ্রোহী ১০ কাউন্সিলরের সমর্থকদের সংঘর্ষে এক নারী কাউন্সিলরসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2015, 05:14 PM

Updated : 25 Apr 2022, 12:52 PM

বুধবার বেলা ১১টার দিকে পৌরসভা চত্বরে শুরু হওয়া এ সংঘর্ষ কয়েক দফায় ঘণ্টাব্যাপী চলে।

পরে পুলিশ ও র‌্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে রয়েছেন, কাউন্সিলর রিজিয়া বেগম, মেয়রের ভাই আউয়াল হোসেন, সবুজ হোসেন, ফরিদ হোসেন, রকিব সিকদার, সেলিম খান, হারুন হাওলাদার, সোহেল খান, নাসির ও সেলিম।

এরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঝালকাঠীর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আ ফ ম আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৬ মাস পরে বুধবার সকালে দশ কাউন্সিলর পৌর সভায় আসেন। এ সময় পৌরসভার সামনের সড়কে উভয়পক্ষের সমর্থকরা জড়ো হতে থাকেন।

এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাধলে পুলিশ উভয়পক্ষকে সেখান থেকে সরিয়ে দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, পৌরসভা চত্বরে র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে ঝালকাঠী পৌরসভার মেয়র আফজাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই দশ কাউন্সিলর বিভিন্ন সময় আমার কাছে অনৈতিক সুবিধা দাবি করে আসছিলেন। আমি তা দিতে রাজি না হওয়ায় দীর্ঘ দিন ধরে এরা আমাকে নানা রকম হয়রানি করে আসছেন।”

এর ধারাবাহিকতায় সকালে (বুধবার) পৌরসভায় এক সভা চলাকালে তারা হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।

কাউন্সিলর রেজাউল করিম জাকির ও হুমায়ুন কবিরের নেতেৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায় অভিযোগ করে তিনি বলেন, “এ ঘটনায় আমি মামলা করব।”

বিদ্রোহী কাউন্সিলদের নেতা ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম জাকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পৌর সভার নির্বাচনের পর থেকেই  মেয়র বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে পড়েন।  আয় ব্যয় টেন্ডারসহ কোনো বিষয়েই এখন পর্যন্ত কাউন্সিলরদের ডাকা হয়নি।

“তাই আমরা দীর্ঘদিন ধরে পৌর সভায় আসছি না। এ বাপারে আদালতে আমাদের মামলা চলছে।”

“দীর্ঘ ১৬ মাস পর আমরা দশ কাউন্সিলর পৌরসভায় উপস্থিত হলে মেয়রের লোকজন পৌরসভার সামেন জরো হওয়া সাধারণ মানুষের উপর হামলায়,” বলেন কাউন্সিলর রেজাউল করিম।