ফকিরাপুলের হোটেলে ব্যবসায়ী হত্যা: গ্রেপ্তার আরও ১
রাজধানীর ফকিরাপুলের আবাসিক হোটেলে ঢুকে গুলি চালিয়ে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার রাতে চট্টগ্রাম থেকে মাঈনউদ্দিন (৩৫) নামের ওই ব্যক্তিকে আটক করা হয় বলে জানিয়েছেন র্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক মাকসুদুল আলম।
গত ১লা জানুয়ারি রাজধানীর ফকিরাপুলের ‘মতিঝিল হোটেল’ এর ২০৩ নম্বর কক্ষে ঢুকে ব্যবসায়ী আবদুল হামিদ (৪৮) কে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
ঘটনার পরদিন নিহতের ভাতিজা জিয়া বাবর মতিঝিল থানায় একটি হত্যা মামলা করার পর ওইদিনই সে হোটেল থেকে তোফায়েল ও হান্নান নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তারদের আদালতে নেওয়ার পর ৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার উপপরিদর্শক শেখ মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিহত হামিদ জাহাজে নাবিকদের নিয়োগ দেওয়ার ব্যবসা কর। তোফায়েল চট্টগ্রামে জমির ব্যবসা করে এবং হান্নান তার ম্যানেজার। হামিদের সঙ্গে কারো টাকা পয়সা সংক্রান্ত কোন বিরোধ থাকায় তাকে গুলি করে হত্যা করা হয়েছে।
“তবে এই ঘটনায় এখনো রিমান্ডে থাকা তোফায়েল ও হান্নান হত্যায় জড়িত বলে স্বীকার করেনি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তদন্ত কর্মকর্তা মজিদ বলেন, “র্যাব এই হত্যার ঘটনায় চট্টগ্রাম থেকে একজনকে আটক করেছে বলে এখনো কিছু জানিনা।”
