ফকিরাপুলে হোটেলে একজনকে গুলি করে হত্যা
রাজধানীর ফকিরাপুলে একটি আবাসিক হোটেলে ঢুকে এক ব্যক্তিকে গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত আব্দুল হামিদ (৪৪) চট্টগ্রামের সন্দ্বীপের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ‘হোটেল মতিঝিল’ এ তিনি গুলিবিদ্ধ হন বলে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন।
তিনি বলেন, সন্ত্রাসীরা সন্ধ্যায় হোটেলের দ্বিতীয় তলায় ২০৩ নম্বর কক্ষে ঢুকে আসবাবপত্র ভাংচুর করে হামিদকে গুলি করে চলে যায়।
রাত পৌনে ৮টার দিকে হামিদকে হাসপাতালে আনার কিছুক্ষণ পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মাথায় গুলি লেগেছে বলে জানান তিনি।
হামিদ ওই কক্ষের একজন বোর্ডার ছিলেন। তবে কবে থেকে তিনি সেখানে ছিলেন তা নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ। তিনি কী করতেন এবং হত্যাকাণ্ডের কারণ সম্পর্কেও তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি পরিদর্শক মোজাম্মেল।
নিহতের লাশ ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে।
