২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভয়নগরের মালোপাড়ায় হামলার মামলায় অভিযোগপত্র

যশোরের অভয়নগর উপজেলার চাপাতলা গ্রামের মালোপাড়ায় হামলার মামলায় একশ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2015, 05:45 PM

Updated : 22 Aug 2022, 11:24 AM

হামলার এক বছর পূর্ণ হওয়ার একদিন আগে রোবরার সন্ধ্যায় যশোর সিআইডি পুলিশের পরিদর্শক আমিনুল ইসলাম আদালতে অভিযোগপত্র জমা দেন।

যশোর আদালত পুলিশের পরিদর্শক রেজাউল হোসেন বলেন, অভিযোগপত্রে একশ জনকে অভিযুক্ত এবং ১৬ জনকে অব্যাহতি দেওয়ার আবেদন করেছেন তদন্তকারী কর্মকর্তা।

অভিযোগপত্রে বলা হয়েছে, ২০১৪ সালের ০৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন  ভোটকেন্দ্রে যাওয়া নিয়ে সৃষ্ট কোন্দলের জের ধরে বিকাল ৫টা ৩৫ মিনিটে স্থানীয় বিএনপি ও  জামায়াত সমর্থিতরা মালোপাড়ার সংখ্যালঘুদের উপর হামলা চালায়।

তারা মালোপাড়ার  ১০/১৫টি বাড়ি ভাংচুর ও আগুন ধরিয়ে দেয়। এতে আহত হন বেশ কয়েকজন নারী ও পুরুষ। আতঙ্কিত মালোপাড়ার বাসিন্দারা নদী পার হয়ে দেয়াপাড়া গ্রামে আশ্রয় নেন।

এ ঘটনায় অভয়নগর থানার উপ পরিদর্শক (এসআই) মহসীন হাওলাদার বাদী হয়ে ঘটনার পরদিন ৬ জানুয়ারি একটি মামলা করেন। মামলায়  ৪২ জনের নাম উল্লেখসহ দুই শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

মামলাটি অভয়নগর থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি)  হাত ঘুরে তদন্তের দায়িত্ব পায় সিআইডি পুলিশ। যশোর সিআইডি পুলিশের ইন্সপেক্টর আমিনুল ইসলাম মামলার তদন্ত করেন।

এ মামলায় বিভিন্ন সময় আটক করা হয় সাত জনকে। আটক ওই সাত জনসহ ১৬ জনের অব্যাহতির সুপারিশ করা হয়েছে অভিযোগপত্রে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের নতুন করে ৬২টি বাড়ি করে দেয় সরকার। মালোপাড়ায় দেওয়া হয় বিদুৎ সংযোগ। তাদের যাতায়াতের কাঁচা সড়কটিও পাকা করে দেওয়া হয়।

ঘটনার ১৭ দিন পর ২৩ জানুয়ারি মালোপাড়া পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দেওয়া স্থায়ী পুলিশ ক্যাম্প মালোপাড়ায় আজও হয়নি।

এ বিষয়ে পুলিশ সুপার আনিসুর রহমান জানান, জমির অভাবে সেখানে স্থায়ী পুলিশ ক্যাম্প নির্মাণ সম্ভব হচ্ছে না। পুলিশ ক্যাম্প নির্মাণ করতে হলে ৩৩ শতক জমি দরকার। সেটার ব্যবস্থা হলেই স্থায়ী পুলিশ ক্যাম্প নির্মাণ করা হবে।