২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে আ. লীগের সংঘর্ষ, আহত ১৫

ফেনীর সোনাগাজী উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন, যার মধ্যে পাঁচ জন রয়েছেন গুলিবিদ্ধ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2015, 08:29 PM

Updated : 22 Aug 2022, 11:23 AM

রোববার এ সংঘর্ষের পর আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এছাড়া ঘটনাস্থল থেকে একটি শটগানসহ কয়েকটি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

সোনাগাজী মডেল থানার ওসি সৈয়দুল মোস্তফা জানান, সোনাগাজী বাজারের জিরো পয়েন্টে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অবস্থায় নেয় ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী সমর্থিত নেতাকর্মীরা।

এদিকে ফেনী-৩ আসনের স্বতন্ত্র সাংসদ আওয়ামী লীগ নেতা রহিম উল্যা সমর্থিত নেতাকর্মীরা কার্যালয়ে প্রবেশেরে চেষ্টা করলে দুপক্ষের সংঘর্ষ বেধে যায়।

এ সময় উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয়। কয়েকটি হাতবোমাও বিস্ফেরিত হয়।

ওসি জানান, সংঘর্ষে উভয়পক্ষের পাঁচ জন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়।

তাদের ফেনী সদর হাসপতাল ও সোনাগাজীর বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষে জড়িত সন্দেহে পুলিশ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে আটক করেছে।

ওসি আরও জানান, সাংসদ হাজী রহিম উল্যার মালিকানাধীন শপিং কমপ্লেক্সের ছাদ থেকে একটি শটগান, দুইটি ম্যাগজিন, গুলি ও হাতবোমা উদ্ধার করে পুলিশ।

উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ মোতায়ন করা হয়েছে বলে জানান তিনি।

আটকরা হলেন সাংসদ রহিম উল্যার ভাতিজা সোনাপুর গ্রামের মোহাম্মদ আলম (২৫), আলাউদ্দিন (২৪), সবুজ (৩০), আমির হোসেন আরিফ (৩৮), চরকৃষ্ণ গ্রামের সামছুল হক (৩২), চর সাহাভিক্ষারীর নুর ইসলাম সেলিম (২১) আহমদপুর গ্রামের ওমর ফারুক (৩০), আবদুর রহিম খোকন (৪৫), চর চান্দিয়ার সুজন (২২), চর চান্দিয়া গ্রামের নিজাম উদ্দিন (৩৭) ও দীন মোহাম্মদ (৩২)।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক রফিকুল ইসলাম খোকন জানান, সাংসদ রহিম উল্যার লোকজন বিনা উসকানিতে তাদের উপর হামলা চালিয়েছে।

হামলায় গুলিবিদ্ধ হন যুবলীগ ও ছাত্রলীগকর্মী ইব্রাহীম, গিয়াস উদ্দিন, জাহাঙ্গির, সজিব ও অনিক।

তিনি জানান, এদের মধ্যে মঙ্গলকান্দি ইউনিয়ন যুবলীগকর্মী সজিব ও অনিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।