বঙ্গোপসাগরে ১৫ জলদস্যু আটক
বঙ্গোপসাগরের ট্যাকদিয়া থেকে বুধবার রাতে দেশি অস্ত্রসহ ১৫ জলদস্যুকে আটক করেছে কোস্ট গার্ড।
পাথরঘাটা কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার এ এম রাহাতুজ্জামান এখবর নিশ্চিত করেছেন।
আটকরা হলেন, বরগুনার নলটোনা গ্রামের আবুল বাশার, চট্টগ্রামের বাঁশখালীর নেসারুল হক, ফারুক হোসেন, ওয়াসিম, জুননু, লক্ষ্মীপুরের রামগতির ইব্রাহিম, আহাদ আলী, নজরুল ইসলাম, বশির উদ্দিন, বান্দরবানের মঞ্জুরুল আলম, চট্টগ্রামের পাহাড়তলীর লক্ষ্মণ দাস, ভোলার মনপুরার সিদ্দিকুর রহমান, পটুয়াখালীর বাউফলের মুরাদ হোসেন, ভোলার দৌলতখানের নুরুনবী ও কক্সবাজারের পেকুয়ার হামিদ আলী।
রাহাতুজ্জামান বলেন, আটক জলদস্যুরা রাতে ‘এফবি মা’ নামের একটি ট্রলারে ডাকাতির চেষ্টা চালায়। এ সময় ‘এফবি মোহছেন আউলিয়া’, ‘এফবি মায়ের দোয়া’সহ আরও কয়েকটি ট্রলার তাদের চারদিক থেকে ঘেরাও করে কোস্টগার্ডকে খবর দেয়।
পরে কোস্ট গার্ড ২২টি দেশি অস্ত্রসহ তাদের আটক করে।
বৃহস্পতিবার দুপুরে আটক জলদস্যুদের পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয় বলে জানান তিনি।
পাথরঘাটা থানার ওসি জিএম শাহনেওয়াজ জানান, এ ব্যাপারে এফবি মা ট্রলারের মালিক জসীম উদ্দিন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
