পল্লীকবির জন্মবার্ষিকীতে নানা আয়োজন
নানা আয়োজনে ফরিদপুরে পল্লীকবি জসীম উদদীনের জন্মবার্ষিকী পালিত হচ্ছে।
দিনটি উপলক্ষে বৃহস্পতিবার কবির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন।
১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে নানার বাড়িতে জন্ম নেন জসীম উদদীন।
দিনটি পালন উপলক্ষে সকাল ৯টায় কবির বাড়ির আঙ্গিনায় তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ফরিদুপর জেলা প্রশাসন, জসীম ফাউন্ডেশন, প্রেস ক্লাব, কবির প্রতিষ্ঠিত আনসারউদ্দিন উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন।
এর আগে আনসারউদ্দিন উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীরা স্কুল থেকে একটি শোভাযাত্রায় কবির মাজারের উপস্থিত হয়।
পরে সেখানে কবির জীবনের উপর আলোচনা সভাসহ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাপক আলতাব হোসেন, অধ্যাপক এম এ সামাদ, এডিসি শিক্ষা ও আইসিটি আনোয়ারুল হক, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাসানউজ্জামান, সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সভাপতি আবুল ফয়েজ শাহ নেওয়াজ, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চৌধুরী প্রমুখ।
