২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ের নিমন্ত্রণে নিয়ে ‘মালয়েশিয়া পাচারের চেষ্টা’

কক্সবাজারে বন্ধুর বোনের বিয়ের নিমন্ত্রণে এনে ছয় তরুণকে জোর করে মালয়েশিয়া পাচারের চেষ্টার অভিযোগ উঠেছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2014, 03:52 PM

Updated : 22 Aug 2022, 08:05 PM

শহরের সমিতিপাড়ার একটি বাড়ি থেকে বৃহস্পতিবার গভীর রাতে তাদের উদ্ধার করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

উদ্ধার হয়েছেন কুমিল্লার চান্দিনা উপজেলার গৌরবপুরের মো. খলিল (১৮),  মো. কাউছার (২০), মো. শাকিল (১৭), মো. শরিফ (১৯), মো. কামাল (১৮) ও মো. কাউচার (২০)।

খলিল সাংবাদিকদের জানান,  তারা ছয় বন্ধু কক্সবাজারের মহেশখালীতে শাহাদাত নামের এক বন্ধুর বোনের বিয়ের নিমন্ত্রণে আসেন।

কিন্তু শাহাদাত তাদেরকে কক্সবাজার শহরের সমিতিপাড়ার দিদারের বাড়িতে রেখে সটকে পড়ে। এই সুযোগে দিদার ও তার পরিবারের লোকজন তাদের মোবাইল ছিনিয়ে নেয় এবং তাদেরকে বাড়িতে অবরুদ্ধ করে রাখে।

পরে খবর পেয়ে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বলে জানান খলিল।

সমিতিপাড়া এলাকার (১ নং ওয়ার্ড) পৌর কাউন্সিলর আকতার কামাল জানান, ৬ জন যুবককে মালয়েশিয়ায় পাচারের জন্য দিদারের বাড়িতে বন্দি করে রাখা হয়েছে খবর পেয়ে রাত ১২টার দিকে এলাকাবাসী তাদের উদ্ধার করে পুলিশে সোপার্দ করেছে।

কক্সবাজার সদর থানার ওসি মাহাফুজর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া ৬ জনের দেওয়া জবানবন্দি অনুযায়ী দিদারকে প্রধান আসামি করে ৩ জনের নাম উল্লেখ করে মানবপাচার আইনে মামলা দায়ের করা হয়েছে।