রাষ্ট্রপতির সঙ্গে পঙ্কজ শরণের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ।
বৃহস্পতিবার বিকালে ভারতীয় হাইকমিশনার বঙ্গভবনে যান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেসসচিব ইহসানুল করিম।
এসময় রাষ্ট্রপতিকে তার আসন্ন ভারত সফর সম্পর্কে অবহিত করেন হাইকমিশনার। ভারতের জনগণ তাকে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বলেও জানান পঙ্কজ শরণ।
গত মে মাসে আবদুল হামিদকে ভারত সফরের আমন্ত্রণ জানান দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।
সাক্ষাতে ভারত সফরে আমন্ত্রণ জানানোর জন্য ভারতের রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে আবদুল হামিদ বলেন, “বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেয়।”
বাংলাদেশ-ভারতের মধ্যকার স্থল সীমানা চুক্তি সংক্রান্ত বিল দ্রুত পাস হবে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।
পঙ্কজ শরণ বলেন, “এই সফরের মাধ্যমে প্রতিবেশী দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী ও সুদৃঢ় হবে।”
স্থল সীমানা চুক্তি সংক্রান্ত একটি বিল ভারতের রাজ্যসভায় উত্থাপিত হয়েছে বলেও রাষ্ট্রপতিকে জানান তিনি।
রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
আগামী ১৮ ডিসেম্বর রাষ্ট্রপতির ভারতে যাওয়ার কথা গণমাধ্যমকে জানান পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
