২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনা: ৫ ঘণ্টা পর সচল ঢাকা-চট্টগ্রাম রেলপথ

কুমিল্লার জাঙ্গালিয়া এবং নরসিংদীর মেথিকান্দায় পৃথক দুর্ঘটনায় প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ আবার চালু হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

নরসিংদী, বাহ্মণবাড়িয়া ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2014, 11:57 AM

Updated : 13 Oct 2022, 12:53 PM

নরসিংদীতে ইঞ্জিন বিকল হয়ে পড়া একটি ট্রেনকে উদ্ধারে যাওয়ার পথে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে লাইনচ্যুত হয় একটি উদ্ধারকারী ট্রেন। আর সকাল ৯টা ১০ মিনিটে কুমিল্লায় জালালাবাদ এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়।

অল্প সময়ের মধ্যে দুটি দুর্ঘটনার ফলে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট পথে রেল চলাচল বন্ধ হয়ে যায়।

নরসিংদীতে লাইনচ্যুত বগি উদ্ধার হলে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট রুট আবার চালু হয়। কিন্তু কুমিল্লার জাঙ্গালিয়ায় লাইনচ্যুত ট্রেন উদ্ধারে বেলা ১টা বেজে যায় বলে লাকসাম জংশন লোকোশেডের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী নূর মোহাম্মদ জানান।

ফলে দেশের দক্ষিণ-পূর্ব অংশের জেলাগুলোর সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ এই রেলপথ প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকে বলে জানান তিনি।

কুমিল্লার দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও নরসিংদীর ঘটনায় ছয়জন আহত হয়েছেন বলে নরসিংদীর স্টেশন মাস্টার মো. নূরুল ইসলাম জানান।

এ ঘটনায় দৌলতকান্দি রেলওয়ে স্টেশনের মাস্টার মনোরঞ্জন মল্লিক ও উদ্ধারকারী ট্রেনের দায়িত্বপ্রাপ্ত প্রধান কর্মকর্তা মহসিনকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

সেই সঙ্গে ঘটনা তদন্তে বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাজমুল হোসেন, বিভাগীয় প্রকৌশলী-২ আরমান হোসেন, বিভাগীয় প্রকৌশলী (যন্ত্র) সাদেকুর রহমান ও বিভাগীয় প্রকৌশলী (সংকেত ও টেলিফোন) মো. তুষারকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নরসিংদীতে লাইনচ্যুত উদ্ধারকারী ট্রেন

নরসিংদীর মেথিকান্দা স্টেশনে বুধবার রাত থেকে আটকে থাকা চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিন উদ্ধারে আখাউড়া জংশন থেকে রওনা হয়ে একটি উদ্ধারকারী ট্রেন সকালে দুর্ঘটনায় পড়ে। মেথিকান্দা স্টেশনের এক কিলোমিটার আগে মহিষমারা এলাকায় সকাল ৮টার দিকে সেটি লাইনচ্যুত হয়।

ভৈরব রেলওয়ে থানার ওসি সাইদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই উদ্ধারকারী ট্রেনের দুটি অংশ। ক্রেনসহ একটি অংশ স্বতন্ত্রভাবে চলাচল করতে পারে, সেটি যাচ্ছিল আগে আগে।

“কিন্তু কয়েকটি বগিসহ আনুষঙ্গিক যন্ত্রপাতি নিয়ে পেছনে থাকা অংশটি সামনের ক্রেনের অংশটিকে ধাক্কা দিয়ে লাইনচ্যুত হয়। এতে এ পথে ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।"

এ ঘটনায় উদ্ধারকারী দলের ছয় সদস্য আহত হন। এর মধ্যে পাঁচজনকে নরসিংদী সদর হাসপাতালে এবং আরেকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে শহিদুল্লাহ (৫৭), আবুল হোসেন (৫৩) ও দেলোয়ার হোসেন (৪০) নামে নরসিংদী হাসপাতালে ভর্তি তিন জনের নাম জানা গেছে। বাকিদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর ক্রেনের অংশের সাহায্যে উদ্ধারকারী ট্রেনটির বগি উদ্ধার করা হলে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট পথে রেল চলাচল স্বাভাবিক হয় বলে সাইদুল ইসলাম জানান।

কুমিল্লায় লাইনচ্যুত জালালাবাদ এক্সপ্রেস

কুমিল্লা সদর উপজেলার জাঙ্গালিয়া এলাকায় সকাল ৯টা ১০ মিনিটে লাইনচ্যুত হয় সিলেট থেকে চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেসের একটি বগি।

লাকসাম জংশন লোকোশেডের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী নূর মোহাম্মদ জানান, বেলা সাড়ে ১১টার দিকে লাকসাম জংশন থেকে উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করে। লাইনচ্যুত বগি সরিয়ে নেওয়ার পর বেলা পৌনে একটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ দুর্ঘটনায় কেউ হতাহত হননি বলে রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী জানান।

এ দিকে দীর্ঘ সময় লাইন বন্ধ থাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর প্রভাতী লাকসাম স্টেশনে আটকা পড়ে।

এছাড়া জালালাবাদ এক্সপ্রেসের অনেক যাত্রী পাশের জাঙ্গালিয়া বাস টার্মিনালে গিয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন।