২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কেউ কথা রাখেনি’

প্রধানমন্ত্রী থেকে ইউপি চেয়ারম্যান, সবাই স্বপ্ন দেখিয়েছে। আজ কেউ আসে না। খবরও নেয় না। কেউ কথা রাখেনি।

নোয়াখালী প্রতিনিধি

আবু নাছের মঞ্জু,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2014, 05:35 PM

Updated : 13 Oct 2022, 12:52 PM

কথাগুলো বলেছেন পেট্রোল বোমায় নিহত ঢাকা কলেজের ছাত্র অহিদুর রহমান বাবুর বৃদ্ধা মা ছালেহা বেগম (৬৫)।

অহিদুর রহমান বাবুর প্রথম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর)। ২০১৩ সালের ২৮ নভেম্বর বিএনপি-জামায়াতের অবরোধ চলাকালে ঢাকার শাহাবাগে যাত্রীবাহী বাসে নিক্ষেপ করা পেট্রোল বোমায় দগ্ধ হয়ে সাতদিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে ২০১১ সালের ১৪ জুলাই ঢাকার বংশালের নাজিরা বাজারের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন বাবুর বাবা হাজী মো. অজিউল্যা।

এ দুটি ঘটনায় চরম বিপর্যয় নেমে আসে পরিবারটিতে। প্রথম প্রথম সরকারি ও বেসরকারিভাবে নানা রকম আশ্বাস দিলেও পরে কেউ পরিবারটির খোঁজ নেয়নি বলে আক্ষেপ তাদের।

ছালেহা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওহিদুর রহমান বাবু ২০১৩ সালে ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তার বাবা হাজী  মো. অজিউল্যা ছিলেন ঢাকায় গণপূর্ত বিভাগ সার্ভেয়ার। ১৯৮৯ সালে তিনি চাকরি থেকে অবসর নিলেও পরে চুক্তিভিত্তিক নিয়োগ পান। সপরিবারে বংশালের নাজিরা বাজার এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন।

অজিউল্যাসহ ২১ জন মিলে ওয়াকফ এস্টেট থেকে বঙ্গবাজারে কিছু জমি ইজারা নিয়ে সেখানে ২০০৪ সালে ৩৭০ কক্ষের ‘ঢাকা সুপার মার্কেট’ নামে একটি বিপনী বিতান করেন। মার্কেটের সভাপতি ছিলেন তিনি। এক পর্যায়ে মার্কেটের নিয়ন্ত্রণ নিয়ে অজিউল্যার সঙ্গে অন্যদের বিরোধ দেখা দেয়।

২০১১ সালের ১৪ জুলাই বিকালে মোবাইল ফোনে কে বা কারা তাকে ডেকে নেয়। এরপর থেকে সন্ধান মিলছে না তার।

ওই সময় নিরুপায় হয়ে পরিবারের অন্য সদস্যরা গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার অভিরামপুরে ফিরে আসেন। তবে, মার সঙ্গে ঢাকায় থেকে ছোট ছেলে ওহিদুর রহমান বাবু পড়াশোনার পাশাপাশি বিভিন্ন স্থানে বাবাকে খুঁজে বেড়িয়েছেন প্রতিনিয়ত।

বাবুর বড় ভাই মুজিবুর রহমান রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভাব-অনটন, সন্ত্রাসীদের হুমকি-ধমকি, মামলা-হামলার মধ্যেও বাবু মিডিয়া হাউজে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে বাবাকে খুঁজে বেড়িয়েছে। যখনই কোনো হাসপাতালে অজ্ঞাত লাশের খবর পেত তখনই ছুটে যেত সে।”

তিনি জানান, গত বছরের ২৮ নভেম্বর বিএনপি-জামায়াতের অবরোধের সময় ঢাকার শাহবাগে বাসে পেট্রোল বোমা নিক্ষোপ করে দুর্বৃত্তরা। এতে বাসের ১৯ যাত্রী অগ্নিদগ্ধ হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে সাতদিন পর ৪ ডিসেম্বর তার মৃত্যু হয়।

এ দুটি ঘটনায় পথে বসেছে নিখোঁজ অজিউল্যার পরিবার। বাড়ির ঘরটি ভেঙ্গে পড়ার উপক্রম হলেও মেরামতের সামর্থ্য নেই। বর্ষায় বৃষ্টি ও শীতে কুয়াশা থেকে রক্ষার জন্য চালার টিনের উপর পলিথিন দিয়ে রাখা হয়েছে।

এখন অজিউল্যার সরকারি চাকরির অবসর ভাতাও পরিবারের লোকজন পান না বলে তিনি জানান।

মুজিবুর রহমান রুবেল জানান, বাবুর মৃত্যুর পর সরকারিভাবে তাদের পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস দেয়া হয়েছিল। নোয়াখালীর বেগমগঞ্জে অভিরামপুরে গ্রামের বাড়িতে দাফন অনুষ্ঠানে এসে স্থানীয় সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক তার নামে সড়কের নামকরণের প্রতিশ্রুতি দেন গ্রামবাসীকে। কিন্তু সেসবের কিছুই হয়নি।