শাহ আমানতে যাত্রীর কাছে সোনার বার, চেইন
চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দুবাই থেকে আসা এক বিমানযাত্রীর কাছ থেকে ১৪টি সোনার বার ও ৭৭টি সোনার চেইন উদ্ধার করেছেন শুল্ক কর্মকর্তারা।
বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক সুশান্ত পাল জানান, মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় মো. রশিদ নামের ওই যাত্রীকে আটক করা হয়।
পরে তার পকেট ও ব্যাগ তল্লাশি করে সোনার বার ও চেইন পাওয়া যায়।
“১৪টি সোনার বারের মোট ওজন এক কেজি ৬৩০ গ্রাম। আর ৭৭টি চেইনের ওজন ২৪০ গ্রাম।”
সুশান্ত পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল পৌনে ৭টার দিকে বাংলাদেশ বিমানের বিজি ০৪৮ ফ্লাইটে দুবাই থেকে চট্টগ্রামে আসেন রশিদ।
“সোনার চেইনগুলোর কয়েকটি তার প্যান্টের পকেটে পাওয়া যায়। বাকি চেইন ও বারগুলো তার লাগেজে একটি চশমার প্যাকেটে রাখা ছিল।”
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা রশিদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হচ্ছে বলে সুশান্ত পাল জানান।
