২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনজিও কার্যক্রমে নতুন আইনের খসড়া অনুমোদন

বিদেশি অনুদান নেওয়ার ক্ষেত্রে নিবন্ধন বাধ্যতামূলক করে এবং অনুমোদন ছাড়া প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন না করার বিধান রেখে বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) জন্য নতুন আইন করার প্রস্তাবে সম্মতি দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 03:54 PM

Updated : 25 Apr 2022, 05:03 PM

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবী কাযক্রম) রেগুলেনশন আইন-২০১৪’এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, ১৯৭৮ ও ১৯৮২ সালের দুটি অধ্যাদেশ দিয়ে এখন বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন (এনজিও) কার্যক্রম পরিচালিত হয়। সামরিক শাসনামলের অধ্যাদেশ দুটি একত্র করে আইনে পরিণত করতে এ উদ্যোগ।

“এনজিও কাযক্রম পরিচালনা করতে এনজিও বিষয়ক ব্যুরো থেকে নিবন্ধন নিতে হবে, নিবন্ধন না নিয়ে কার্যক্রম চালাতে পারবে না।”

এ আইন পাস হলে একটি এনজিও ১০ বছরের জন্য নিবন্ধন পাবে। তবে আইন অমান্য করলে যে কোনো সময় নিবন্ধন বাতিল বা স্থগিত করা যাবে।

এনজিও বিষয়ক ব্যুরোর অনুমোদন ছাড়া প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা যাবে না জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এনজিওতে বিদেশি উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রেও স্বারষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ছাড় নিতে হবে। বিদেশি অনুদান একটি নির্দিষ্ট ব্যাংক হিসাবে (মাদার অ্যাকাউন্ট) থাকতে হবে। ব্যয়ের হিসাব অডিট করার পর এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালকের কাছে দিতে হবে।

এনজিও বিষয়ক ব্যুরো এসব বেসরকারি উন্নয়ন সংস্থার কার্যক্রম পরিদর্শন, পর্যবেক্ষণ ও মূল্যায়ন করবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ আইন না মানলে প্রথমে সতর্ক করা হবে। নিবন্ধন বাতিল ও জরিমানার বিধানও আইনে রাখা হয়েছে।

“কোনো এনজিও যদি ফৌজদারি অপরাধ করে- যেমন সন্ত্রাস ও জঙ্গিবাদে অর্থায়ন বা সহযোগিতা, নারী-শিশু পাচার, মাদক সংক্রান্ত অপরাধ, ইত্যাদির জন্য দেশের প্রচলিত আইনে আলাদাভাবে বিচার করা হবে।”

১৯৯০ সালে এনজিও বিষয়ক ব্যুরো কার্যক্রম শুরু করে। এ পর্যন্ত ব্যুরো ২ হাজার ৩০৩টি এনজিওর নিবন্ধন দিয়েছে, যার মধ্যে ২৩৩টি বিদেশি এনজিও রয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এনজিওগুলোর নেওয়া বিদেশি অনুদানে স্বচ্ছতা নিশ্চিত করাই নতুন আইন প্রণয়নের উদ্দেশ্য।

পুরনো খবর:

এনজিও কার্যক্রমে কড়াকড়ি আসছে