২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনজিও কার্যক্রমে কড়াকড়ি আসছে

বৈদেশিক অনুদান নেয়ার ক্ষেত্রে নিবন্ধন বাধ্যতামূলক করে এবং অনুমোদন ছাড়া প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন না করার বিধান রেখে এনজিওগুলোর জন্য নতুন আইন হচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2014, 02:33 PM

Updated : 13 Oct 2022, 12:10 PM

এনজিওগুলোর নেয়া বিদেশি অর্থ ব্যবহারের অনিয়মের বিভিন্ন অভিযোগের প্রেক্ষাপটে নতুন আইনের খসড়া সোমবার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবী কাযক্রম) রেগুলেনশন আইন-২০১৪’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়।

এনজিওগুলোর নেয়া বৈদেশিক অনুদানের স্বচ্ছতা নিশ্চিত করাই নতুন আইন  প্রণয়নের লক্ষ্য বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, ১৯৭৮ ও ১৯৮২ সালের দুটি অধ্যাদেশ দিয়ে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন (এনজিও) কার্যক্রম পরিচালিত হয়, মূলত সামরিক শাসনামলের এ দুটি অধ্যাদেশ একত্রে আইনে পরিণত করার জন্যই এ উদ্যোগ।

এতদিন দুটি অধ্যাদেশের মাধ্যমে ও সরকারের নির্বাহী আদেশে এনজিওগুলোর কার্যক্রম চালানো হচ্ছিল। নতুন আইনে সব বিষয়গুলো বিস্তারিতভাবে আসছে বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।

তিনি বলেন,“ যারা বৈদেশিক সহায়তা বা অনুদান নেবে, তাদের এনজিও বিষয়ক ব্যুরো থেকে নিবন্ধন করতে হবে, নিবন্ধন না নিয়ে কার্যক্রম চালাতে পারবে না।”

ব্যক্তি হিসেবে বৈদেশিক অনুদান (পিএইচডি, গবেষণা ইত্যাদি) নিতে হলে নিবন্ধনের প্রয়োজন পড়বে না। তবে এনজিও বিষয়ক ব্যুরোর অনুমোদন নিতে হবে।

প্রস্তাবিত আইনে রাজনৈতিক দল, সুপ্রিম কোর্টের বিচারক, সংসদ সদস্য, সরকারি আধা-সরকারী কর্মচারী, জাতীয় সংসদ ও স্থানীয় পরিষদের নির্বাচন প্রার্থী বৈদেশিক অনুদান গ্রহণ করতে পারবে না বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

১০ বছরের মেয়াদে এনজিও নিবন্ধন হতে পারবে তবে আইন অমান্য করলে যে কোনো সময় এই নিবন্ধন বাতিল করা যাবে বলেও জানান তিনি।

এনজিও বিষয়ক ব্যুরোর অনুমোদন ছাড়া প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা যাবে না জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “বৈদেশিক অনুদান নেয়া এনজিওদের বিদেশি উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রেও স্বারষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ছাড় নিতে হবে।

“এনজিওদের বিদেশি অনুদান একটি নির্দিষ্ট ব্যাংক হিসাবে (মাদার একাউন্ট) থাকতে হবে। বৈদেশিক অনুদানের হিসাব বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে, যা বর্তমানেও পাঠানো হয়।”

এনজিওদের পরিদর্শন, পর্যবেক্ষণ ও মূল্যায়ন এনজিও বিষয়ক ব্যুরো করবে।

২২টি ধারা সম্বলিত প্রস্তাবিত আইনে লঙ্ঘন করলে শাস্তির বিধান রাখা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রথমে সতর্ক করা হবে। নিবন্ধন বাতিল ও জরিমানার বিধানও রাখা হয়েছে।

“তবে কোনো এনজিও যদি ক্রিমিনাল নেচারে অফেন্স (ফৌজদারি অপরাধ) করে যেমন সন্ত্রাস ও জঙ্গিবাদে অর্থায়ন বা সহযোগিতা, নারী-শিশু পাচার, মাদক সংক্রান্ত অপরাধ ইত্যাদির জন্য দেশের প্রচলিত আইনে আলাদা ভাবে বিচার করা হবে।”

১৯৯০ সালে এনজিও বিষয়ক ব্যুরো কার্যক্রম শুরু করে। তারা ২ হাজার ৩০৩টি এনজিওকে নিবন্ধন দেয় এবং এর মধ্যে বিদেশি এনজিও রয়েছে ২৩৩টি।

এনজিও বিষয়ক ব্যুরোর মাধ্যমে এ পর্যন্ত ৫০ হাজার কোটি টাকা অর্থ ছাড় হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

সামাজিক উন্নয়নে এনজিওগুলোর ভূমিকা তুলে ধরে তিনি বলেন, “এই আইনের ফলে এনজিওদের বৈদেশিক অর্থ সংগ্রহে স্বচ্ছতা নিশ্চিত হবে, পাশাপাশি সরকারের আরো সহযোগিতা বাড়বে এবং দারিদ্র্য বিমোচন নিশ্চিত হবে।”