২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রকৃতি ও মানুষের’ শিল্পীকে শেষ বিদায়

আট দশকের জীবনে শিল্পের সাধনা সাঙ্গ করে জনতার শ্রদ্ধা ও ভালবাসায় চিরবিদায় নিলেন ‘প্রকৃতি ও মানুষের শিল্পী’ কাইয়ুম চৌধুরী।

মঈনুল হক চৌধুরী

ও ফয়সাল আতিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 02:40 PM

Updated : 13 Oct 2022, 12:52 PM

পুরনো খবর:

শেষবার সেই চারুকলায় কাইয়ুম চৌধুরী
শেষ কথাটি বলা হল না কাইয়ুম চৌধুরীর
‘প্রচ্ছদে বইয়ের বিষয়বস্তু এখন কে ফোটাবে?’
অনুষ্ঠান মঞ্চ থেকেই চলে গেলেন কাইয়ুম চৌধুরী

সোমবার বিকাল ৪টা ৪০ মিনিটে ঢাকার আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন একুশে ও স্বাধীনতা পদকে ভূষিত এই শিল্পী, যিনি রং-তুলির মুন্সীয়ানায় বাংলাদেশে বইয়ের প্রচ্ছদের শিল্পমানকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন, মুক্ত বুদ্ধির চর্চার পাশাপাশি শিখিয়েছেন শিল্পবোধ।

রোববার রাতে রাজধানীর আর্মি স্টেডিয়ামে উচ্চাঙ্গ সঙ্গীতের এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে হঠাৎ পড়ে যান কাইয়ুম চৌধুরী। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাতে শিল্পীর মরদেহ রাখা হয় রাজধানীর স্কয়ার হাসপাতালের হিমঘরে। সেখান থেকে সকাল ১১ টার পর তার মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে, যেখানে তিনি এক সময় শিল্পী হওয়ার তালিম নিয়েছেন, তালিম দিয়েছেন।

চারুকলায় শ্রদ্ধা জানাতে আসা শিক্ষক-শিক্ষার্থী ও সাংস্কৃতিক অঙ্গনের কর্মীদের চোখেমুখে ছিল ‘অভিভাবক’ হারানোর বেদনা। শিল্পাচার্য জয়নুল আবেদীনের খুব প্রিয় ছাত্র ছিলেন কাইয়ুম চৌধুরী। স্বামীর এই প্রিয় ছাত্রটিকে শেষবারের মতো দেখতে শিল্পাচার্যের স্ত্রী জাহানারা আবেদীনও চারুকলায় এসেছিলেন।

বরেণ্য এ শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে এসে শিল্পী মুস্তাফা মনোয়ার বলেন, “মাথায় গামছা বাঁধা কৃষকের হাতে রাইফেল- মুক্তিযুদ্ধের অনবদ্য এই সৃষ্টি একপটে ক্যানভাসে তুলেছিলেন শিল্পী কাইয়ুম চৌধুরী। মুক্তিযুদ্ধের অগ্রণী এ শিল্পীর আঁকা ছবি উদ্বুদ্ধ করেছিল মুক্তিপাগল মানুষকে এক দৃঢ়তায়।”

কাইয়ুম চৌধুরীর জন্ম ফেনীতে, ১৯৩২ সালে। আঁকাআঁকির ঝোঁক দেখে জয়নুল আবেদীনের সঙ্গে আলোচনা করে ছেলেকে ঢাকা আর্ট কলেজে ভর্তি করে দেন তার বাবা আবদুল কুদ্দুস চৌধুরী।

১৯৫২ সালের ২১ একুশে ফেব্রুয়ারি ঢাকায় বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে মিছিলে পুলিশের গুলিবর্ষণের ঘটনার পর আর্টস ইনস্টিটিউটের নবীন শিক্ষার্থীদের সঙ্গে কাইয়ুমও শরিক হন। পরের বছর একুশে ফেব্রুয়ারির প্রথম বার্ষিকীতে সদরঘাট থেকে বের হওয়া মিছিলে চিত্রিত ফেস্টুন নিয়ে আর্ট ইনস্টিটিউটের শিক্ষার্থীরা যোগ দিয়েছিলেন এবং মিছিলের পুরোভাগে রশীদ চৌধুরী, মুর্তজা বশীরের সঙ্গে কাইয়ুম চৌধুরীও ছিলেন।

জাহানারা আবেদীন বলেন, “জয়নুল তাকে খুব পছন্দ করতেন। ভালো আঁকিয়ে ছিলেন। তার এভাবে চলে যাওয়া আকস্মিক। এক নজর দেখে শান্তি কামনা করলাম। তার আত্মা যেন শান্তিতে থাকে।”

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসাইন জানান, জয়নুল আবেদীনের জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান আয়োজনের আহ্বায়ক ছিলেন কাইয়ুম চৌধুরী। তার নামেই ১ থেকে ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় জয়নুল জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠান উৎসর্গ করা হলো।

চারুকলায় প্রায় আধা ঘণ্টা অবস্থানের পর সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শ্রদ্ধা নিবেদনের জন্য শিল্পীর মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। তাকে শেষবার দেখতে আর শ্রদ্ধা জানাতে বন্ধু, সহকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, রাজনীতিক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ঢল নামে সেখানে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ, বিএনপি ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতি সংগঠন, বিশিষ্ট ব্যক্তির পক্ষ থেকেও শিল্পীর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

কাইয়ুম চৌধুরী ছিলেন সংগীতেরও ভক্ত। তার প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে তারই প্রিয় গান গেয়ে শোনান ছায়ানট ও রবীন্দ্র সংগীত শিল্পীরা।

শিল্পীর ছেলে মইনুল ইসলাম জাবের বলেন, “তিনি শুধু একজন শিল্পীই ছিলেন না, ছিলেন আমার বাবা; অনেক বড় মানুষ ছিলেন। তিনি ছিলেন দেশের গর্ব। দেশজ চিত্রকলায় গ্রাফিক ডিজাইনকে শূন্য থেকে শিখরে তুলেছেন তিনি। তার হাত ধরেই গ্রাফিক ডিজাইন পূর্ণতা পেয়েছে।”

জাবেরের ভাষায়, কাইয়ুম চৌধুরী শুধু শিল্পী ছিলেন না, শিল্পের মধ্যেই ছিল তার বসবাস।

সোমবার কাইয়ুম চৌধুরী যখন মঞ্চে অসুস্থ হয়ে পড়েন, সেখানে ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান। ‘আমার একটি কথা বলার রয়েছে’- এ কথা বলার পরপরই হঠাৎ ঢলে পড়েন কাইয়ুম চৌধুরী। শিল্পীর মৃত্যুকে কাছ থেকে দেখার বেদনা যেন কাটছে না আনিসুজ্জামানের।

শহীদ মিনারে বলেন, “তার ছবিগুলো ছিল অনন্য, স্বকীয়। দেখলেই আমরা চিনতে পারতাম এটা কাইয়ুম চৌধুরীর আঁকা ছবি।”

ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “কী বলে যেতে চেয়েছিলেন- তা আমাদের অজানা রয়ে গেল। তিনি আমাদের শিল্পবোধ তৈরি করে গেছেন। তার এ যাওয়া অপূরণীয় ক্ষতি।”

নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, “গানের আসরে বক্তৃতা শেষ করে তিনি চলে গেছেন, হয়ত তিনি বলতে চেয়েছেন আমার পালা সাঙ্গ হয়েছে। আমাদের পক্ষে এই মৃত্যু মেনে নেওয়া অসম্ভব। কাইয়ুম চৌধুরী আমাদের শিল্পের ভূবনে কতটা জায়গা জুড়ে ছিলেন তা আমরা বুঝতে পারছি।”

 “তার শিল্প আঙ্গিক, শিল্প ভাবনা, বাঙালির শিল্প রুচিকে করেছে আলাদা। বাংলার প্রকৃতি, মুক্তিযুদ্ধ, চিরসবুজ তার তুলিতে ধরা দিয়েছিল”, বলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।

বন্ধুকে শেষবার দেখতে আসা শিল্পী গাজী শাহাবুদ্দিনের কণ্ঠ বার বার রুদ্ধ হয়ে আসছিল কান্নায়।

তিনি শুধু বলেন, “খুব খারাপ লাগছে। তাকে খুব মিস করছি। আমাদের জন্য অনেক ক্ষতি হয়ে গেল।”

বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান বলেন, “তার পেছনে দাঁড়িয়ে আমরা শিল্পবোধ শিখেছি। মুক্ত বুদ্ধির চর্চায় এ মানুষটির অবদান আজীবন স্মরণীয় হয়ে থাকবে।”

আর শিল্পী কালিদাস কর্মকার প্রয়াত শিল্পীকে অভিহিত করেন ‘মানবিক একজন মানুষ’ হিসাবে।

১৯৫৪ সালে ফাইন আর্টস ডিগ্রি পাওয়ার পর কোনও পেশায় যোগ না দিয়ে বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে যুক্ত থেকে বইয়ের প্রচ্ছদ ও সচিত্রকরণের কাজ করেন কাইয়ুম চৌধুরী। এর দুই বছর পর সহশিল্পী মুর্তজা বশীর ও সৈয়দ জাহাঙ্গীরকে নিয়ে গড়ে তোলেন 'পেইন্টার্স ইউনিট'।

ডিজাইন ও প্রচ্ছদ আঁকার কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি ১৯৫৭ সালে আর্ট কলেজে শিক্ষকতায় যোগ দেন কাইয়ুম চৌধুরী। বিশেষভাবে তার স্ফূর্তি ছিল বইয়ের প্রচ্ছদ অঙ্কনে এবং এই কাজে তিনি অচিরেই এক অতুলনীয় মাত্রা অর্জন করেন।

১৯৬০ সালে ফাইন আর্টস বিভাগের সহপাঠী তাহেরা খানমের সঙ্গে বিয়ে হয় কাইয়ুমের। ওই বছরই শিক্ষকতা ছেড়ে যোগ দেন কামরুল হাসানের নেতৃত্বে নবগঠিত ডিজাইন সেন্টারে। এক বছর না যেতেই ইংরেজি দৈনিক অবজারভারে যোগ দেন চিফ আর্টিস্ট হিসাবে। কাজ করেন সিনে-সাপ্তাহিক 'চিত্রালী'তেও।

অবশ্য ১৯৬৫ সালে আবার শিক্ষকতায় ফেরেন কাইয়ুম চৌধুরী। এবার কমার্শিয়াল আর্ট বিভাগের প্রভাষক হিসেবে। এ প্রতিষ্ঠানেরই পরিবর্তিত নাম চারুকলা ইনস্টিটিউট থেকে অধ্যাপক হিসাবে অবসরে যান ১৯৯৪ সালে। তবে ২০০২ সাল পর্যন্ত সংখ্যাতিরিক্ত শিক্ষক হিসেবে পাঠদান চালিয়ে যান।

চারুকলায় বিশেষ অবদানের দেশি-বিদেশি নানা পুরস্কার পেয়েছেন কাইয়ুম চৌধুরী। বাংলাদেশে প্রচলিত কয়েকটি টাকার নোটের নকশাও তার হাত দিয়েই এসেছে।

এই শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে এসেছিলেন চিত্রশিল্পী মনিরুল ইসলাম, গবেষক মফিদুল হক, উদীচীর সভাপতি ও সাংবাদিক কামাল লোহানী, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, নাট্য ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম ও মামুনুর রশীদ, সংগীত শিল্পী সুমনা হক, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক ও বিএনপি নেতা রুহুল কবির রিজভী।

বাংলা একাডেমি, শিশু একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়, তথ্য মন্ত্রণালয়, জাসদ (রব), সিপিবি, গণস্বাস্থ্য, গণবিশ্ববিদ্যালয়, মুক্তিযুদ্ধ জাদুঘর, ছায়ানট, ঘাতক দালাল নির্মুল কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, চন্দ্রাবতী একাডেমি, কণ্ঠশীলন, সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনও এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানায়।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে কাইয়ুম চৌধুরীর মরদেহ নেওয়া হয় শেখ সাহেব বাজারের বাসায়। সেখানে স্বজনরা শেষবারের মতো দেখেন শিল্পীকে।

পরে স্থানীয় ছাপরা মসজিদে আসরের পর দ্বিতীয় জানাজা শেষে মরদেহ নেওয়া হয় আজিমপুর কবরস্থানে। শ্বশুর খান সাহেব বদরুদ্দিন আহমেদের কবরে তাকে সমাহিত করা হয় বলে জানান শিল্পীর ভাগ্নে জুবায়ের আহমেদ।