২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষবার সেই চারুকলায় কাইয়ুম চৌধুরী

চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী শেষবারের মতো এলেন তার সাবেক কর্মস্থলে, শেষবারের মতো এই সাবেক শিক্ষককে বিদায় জানাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 01:31 PM

Updated : 25 Apr 2022, 05:03 PM

এই শিল্পীর কফিন সোমবার সকাল ১১ টার পর রাজধানীর স্কয়ার হাসপাতালের হিমঘর থেকে চারুকলা অনুষদে নিয়ে আসা হলে এব আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। 

শিল্পী মুস্তাফা মনোয়ার, রফিকুন্নবী, চারুকলা অধ্যাপক আবুল বারেক আলভী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার এবং চারুকলার সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী ও সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা সেখানে এই শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।  

সেখানে প্রায় আধা ঘণ্টা অবস্থানের পর সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে।

রোববার রাতে রাজধানীর আর্মি স্টেডিয়ামে উচ্চাঙ্গ সঙ্গীতের এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে হঠাৎ পড়ে যান কাইয়ুম চৌধুরি। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারে ভূষিত কাইয়ুম চৌধুরির বয়স হয়েছিল ৮২ বছর।

শিল্পী মুস্তাফা মনোয়ার, “শিল্পকলার সব রকম পূর্ণতা তার মধ্যে পেয়েছি। বাংলাদেশের চিত্রকলায় তার ভূমিকা অসাধারণ। তার মৃত্যু আমি মেনে নিতে পারছি না।”

চলতি ডিসেম্বরে শিল্পাচার্য জয়নুল আবেদিন জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠান কাইয়ুম চৌধুরীকে উৎসর্গ করা হয়েছে বলে চারুকলার ডিন অধ্যাপক নিসার হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

তিনি বলেন, “কাইয়ুম চৌধুরী এই জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি ছিলেন। গতকাল বিকেলেও কমিটির একটি বৈঠক তিনি ছিলেন।”

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে কাইয়ুম চৌধুরীর জানাজা হবে। এরপর আজিমপুর গোরস্তানে দাফন করা হবে এই শিল্পীকে।

কাইয়ুম চৌধুরীর জন্ম ফেনীতে, ১৯৩২ সালে। ক্ষয়িঞ্চু জমিদার-পরিবারে জন্ম হলেও পরিবারে শিক্ষা ও উদার মানসের জোরদার অবস্থান ছিল। বাবা আবদুল কুদ্দুস চৌধুরী ছিলেন সমবায় কর্মকর্তা।

স্কুল জীবন থেকে আঁকাআঁকির ঝোঁক দেখে কাইয়ুম চৌধুরীর বাবাই ঢাকার আর্ট ইনস্টিটিউটে ভর্তির বিষয়ে জয়নুল আবেদিনের সঙ্গে আলোচনা করেন। আর্ট ইনস্টিটিউটে ভর্তির পর কৃতিত্বের সঙ্গে ১৯৫৪ সালে শিক্ষাজীবন শেষ করেন। 

পড়ার সময়ই ১৯৫২ সালের ২১ একুশে ফেব্রুয়ারি ঢাকায় বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে মিছিলে পুলিশের গুলিবর্ষণের ঘটনার পর আর্টস ইনস্টিটিউটের নবীন শিক্ষার্থীদের সঙ্গে তিনিও শরিক হন।

১৯৫৩ সালে একুশে ফেব্রুয়ারির প্রথম বার্ষিকীতে সদরঘাট থেকে বের হওয়া মিছিলে চিত্রিত ফেস্টুন নিয়ে আর্ট ইনস্টিটিউটের শিক্ষার্থীরা যোগ দিয়েছিলেন এবং মিছিলের পুরোভাগে রশীদ চৌধুরী, মুর্তজা বশীরের সঙ্গে ছিলেন কাইয়ুম চৌধুরীও।

২২ বছর বয়সে ১৯৫৪ সালে ফাইন আর্টস বিভাগ থেকে পাস করার পর তিনি কোনও পেশায় যোগ না দিয়ে বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে যুক্ত থেকে বইয়ের প্রচ্ছদ ও সচিত্রকরণের কাজ করেছেন।

১৯৫৬ সালে সহশিল্পী মুর্তজা বশীর ও সৈয়দ জাহাঙ্গীরকে নিয়ে গড়ে তোলেন 'পেইন্টার্স ইউনিট'। ঢাকা প্রেস ক্লাবে আয়োজিত হয় পেইন্টার্স ইউনিটের প্রথম চিত্র প্রদর্শনী, যাতে কাইয়ুম চৌধুরী ছয়টি জলরঙ নিয়ে যোগ দিয়েছিলেন।

১৯৫৭ সালে কাইয়ুম চৌধুরী আর্ট কলেজে শিক্ষকতার কাজে যোগ দেন। শিক্ষকতার পাশাপাশি চলছিল তার ডিজাইন ও প্রচ্ছদ অঙ্কনের কাজ।

ব্যবহারিক শিল্প সংক্রান্ত কাজে কাইয়ুম চৌধুরী আনন্দ খুঁজে পাচ্ছিলেন। বিশেষভাবে তার স্ফূর্তি ছিল বইয়ের প্রচ্ছদ অঙ্কনে এবং এই কাজে তিনি অচিরেই এক অতুলনীয় মাত্রা অর্জন করলেন।

১৯৬০ সালে ফাইন আর্টস বিভাগে তার সহপাঠী তাহেরা খানমের সঙ্গে বিয়ে হয় তার। ওই বছরই আর্ট কলেজ ছেড়ে যোগ দিলেন কামরুল হাসানের নেতৃত্বে নবগঠিত ডিজাইন সেন্টারে।

১৯৬১ সালে ডিজাইন সেন্টার ছেড়ে অবজাভার হাউজে চিফ আর্টিস্ট হিসেবে যোগদান করেন। ইংরেজি দৈনিক ছাড়াও সিনে-সাপ্তাহিক 'চিত্রালী'তেও কাজ করেছেন তিনি।

১৯৬৫ সালের ২০ অক্টোবর তিনি আবার আর্ট কলেজের কমার্শিয়াল আর্ট বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন। ১৯৭০ সালে ৭ ফেব্রুয়ারি সহকারী অধ্যাপক, ১৯৮৬ সালের ১৬ জানুয়ারি সহযোগী অধ্যাপক এবং ১৯৯১ সালের ১৩ ফেব্রুয়ারি অধ্যাপক হিসেবে পদোন্নতি পান কাইয়ুম চৌধুরী।

পরিবর্তিত নাম চারুকলা ইনস্টিটিউট থেকে তিনি অধ্যাপক হিসেবে অবসরে যান ১৯৯৪ সালে। তবে সর্বশেষ ২০০২ সাল পর্যন্ত সংখ্যাতিরিক্ত শিক্ষক হিসেবে পাঠদান অব্যাহত রাখেন।

এরপর থেকে তিনি ফ্রিল্যান্স শিল্পী ও গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করতে থাকেন।

১৯৬০-৬১ সালে চারুকলায় বিশেষ অবদানের জন্য কাইউম চৌধুরী জাতীয় পুরস্কার পান। ১৯৬১ সালে অল পাকিস্তান আর্টা এক্সিবিশনে প্রদর্শিত ‘বটম’ নামের একটি চিত্রের জন্য প্রথম পুরস্কার পান। চার বছর পর রয়্যাল কোর্ট ইন তেহরান বিয়েনাল পদক পান।

১৯৭৭ সালে শিল্পকলা একাডেমি পুরস্কার, ১৯৮৬ সালে একুশে পদক, ১৯৯৪ সালে ৬ষ্ঠ বঙ্গবন্ধু পদক ও ১৯৮৩ সালে বইয়ের প্রচ্ছদের জন্য লাইপসিস বুক ফেয়ার পুরস্কার পান তিনি।

এছাড়া ১৯৭৫ সালে ন্যাশনাল বুক সেন্টারের বইয়ের নকশার জন্য স্বর্ণপদক পান তিনি।সেরা প্রচ্ছদের জন্য ১৯৮৮, ৮২, ৮১, ৭৯, ৭৮, ৭৫, ৭০, ৬৬, ৬৪ ও ৬৩ সালে প্রথম পুরস্কার পান তিনি।

১৯৫৯ এবং ১৯৬১ সালে রেলওয়ে টাইমটেবিলের প্রচ্ছদ এঁকে সেরা পুরস্কারটি লাভ করেন কাইয়ুম চৌধুরী।

এছাড়া ২০০২ সালে শেলটেক পুরস্কার ও ১৯৯৯ সালে সুলতান পদক পান তিনি।

বাংলাদেশ ব্যাংকের নোট ডিজাইন এবং ম্যুরাল কমিটির সদস্য ছিলেন কাইয়ুম চৌধুরী। বাংলাদেশে প্রচলিত কয়েকটি টাকার নোটের ডিজাইন তারই করা।