২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে হত্যা মামলায় ২ নারীর যাবজ্জীবন

শরীয়তপুরে ভেদরগঞ্জ ও নড়িয়া থানার দুটি হত্যা মামলায় দুই নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2014, 07:25 PM

Updated : 22 Aug 2022, 07:59 PM

আদালতের পিপি মীর্জা হজরত আলী জানান, রোববার ভেদরগঞ্জ থানার মামলায় স্বামী হত্যার দায়ে মমতাজ বেগমকে এবং নড়িয়া থানার মামলায় একটি শিশু হত্যার দায়ে মাকসুদা বেগমকে এ দণ্ড দেন জেলা ও দায়রা জজ মো. আতাউর রহমান।

মামলার নথি থেকে জানা যায়, ভেদরগঞ্জের গৈড্যা গ্রামের আবুল বাশার হাওলাদারের স্ত্রী মমতাজ বেগমকে বিবাহবহির্ভূত সম্পর্কে বাধা দেওয়ায় ২০০৭ সালের ৩ অক্টোবর রাতে তিনি স্বামীকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।

এ ঘটনায় নিহত আবুল বাশার হাওলাদারের বাবা আলী আহম্মেদ হাওলাদার  ভেদরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

বিচারকালে মমতাজ বেগম আদালতে খুনের দায় স্বীকার করে জবানবন্দি দেন।

রায়ে মমতাজ বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অপর মামলার নথি থেকে জানা যায়, ২০০৭ সালের ২৫ মার্চ সকালে নড়িয়ার চারুমন্ড দেলু হাওলাদারের কান্দি গ্রামের বিল্লাল দেওয়ানের মেয়ে মাকসুদা একই গ্রামের আসমত আলি খলিফার মেয়ে আসমাকে বাড়ির পাশের খালে ধাক্কা দিয়ে পানিতে ফেলে গলায় পা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।

এ ঘটনায় নিহতের বাবা আসমত নড়িয়া থানায় হত্যা মামলা করেন।

মাকসুদা আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

মামলার রায়ে মাকসুদা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।