মেট্রোরেল বিল সংসদে
আলোচিত মেট্রোরেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত আইন প্রণয়নের জন্য ‘মেট্রোরেল বিল-২০১৪’ জাতীয় সংসদে তোলা হয়েছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোববার বিলটি উত্থাপন করলে তা পরীক্ষা করে চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে এই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
গত ১০ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে ‘মেট্রোরেল আইন, ২০১৪’এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
প্রস্তাবিত আইনে বলা হয়েছে, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) একটি কমিটির মাধ্যমে মেট্রোরেলের ভাড়া নির্ধারণ করবে। রেলের পরিদর্শকও তারা নিয়োগ দেবে।
বিলে মেট্রোরেল ও যাত্রীর বীমা বাধ্যতামূলক করে এই শর্ত লঙ্ঘনের শাস্তি হিসাবে সর্বোচ্চ ১০ বছর জেল ও ১০ কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
অনুমতি ছাড়া লাইসেন্স হস্তান্তর করলে ১০ বছর কারাদণ্ড ও এক কোটি টাকা জরিমানা, পরিচালনায় বাধা সৃষ্টি করলে দুই বছর জেল ও ২ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
এছাড়া মেট্রোরেল নির্মাণ ও রক্ষণাবেক্ষণে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে এক বছরের কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা, সংরক্ষিত স্থানে কেউ বিনা অনুমতিতে প্রবেশ করলে এক বছরের কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা, মেট্রোরেলের নিরাপত্তা বিঘ্নিত করলে ৫ বছরের কারাদণ্ড ও ৫০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
বিনা টিকেটে বা পাস ছাড়া কেউ ভ্রমণ করলে ভাড়ার ১০ গুণ জরিমানা এবং অনাদায়ে ৬ মাস জরিমানার বিধান রাখা হয়েছে।
মেট্রোরেলের টিকেট জাল করলে ১০ বছর কারাদণ্ড এবং এক কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে প্রস্তাবিত আইনে।
এ প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণের জন্য বিলে ‘বিশেষ বিধান’ রাখা হয়েছে। বিলে বলা হয়েছে, মেট্রোরেল নির্মাণ বা পরিচালনা বা রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণ বা এ সংশ্লিষ্ট কাজে অধিগ্রহণ করা বা অধিগ্রহণ হতে পারে এমন জমির ওপর ‘জনস্বার্থ বিরোধী’ উদ্দেশ্যে নির্মিত বা নির্মাণাধীন ঘর-বাড়ি বা অন্য কোনো প্রকার স্থাপনার জন্য কোনো ব্যক্তি ক্ষতিপূরণ পাবে না।
বিলে উল্লেখ করা অপরাধগুলো মোবাইল কোর্টের আওতায় বিচার করার বিধান রাখা হয়েছে।
মেট্রোরেল পরিচালনার জন্য লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক রাখার বিধান রাখা হয়েছে। তবে শতভাগ সরকারি কোম্পানিকে লাইসেন্স ফি দিতে হবে না। সরকারি-বেসরকারি অংশীদারির ভিত্তিতেও মেট্রোরেল ব্যবস্থা স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করার সুযোগ রাখা হয়েছে।
২০১২ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) মেট্রোরেল প্রকল্প অনুমোদন হয়।
বাস্তবায়নাধীন মেট্রোরেল লাইন-৬ এর আওতায় উত্তরা থেকে শুরু হয়ে মিরপুর-ফার্মগেইট হয়ে মতিঝিল পর্যন্ত যাবে এই মেট্রো রেল। সময় লাগবে ৪০ মিনিটেরও কম।
প্রকল্পের ১৬টি স্টেশন থাকবে উত্তরা (উত্তর), উত্তরা (সেন্টার), উত্তরা (দক্ষিণ), পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, তালতলা, আগারগাঁও, বিজয় সরণি. ফার্মগেট, সোনারগাঁও, জাতীয় জাদুঘর, দোয়েল চত্বর, জাতীয় স্টেডিয়াম ও বাংলাদেশ ব্যাংক মোড়ে।
সরকার বলছে, প্রতি চার মিনিট পরপর ১ হাজার ৮০০ যাত্রী নিয়ে চলবে মেট্রোরেল, ঘণ্টায় চলাচল করবে প্রায় ৬০ হাজার যাত্রী।
প্রকল্পটি বাস্তবায়নে প্রায় ২২ হাজার কোটি টাকা লাগবে, যার ১৬ হাজার ৫৯৫ কোটি টাকা দিচ্ছে জাইকা। বাকি ৫ হাজার ৩৯০ কোটি টাকার জোগান দেবে সরকার।
আগামী ২০১৯ সালের মধ্যে উত্তরা তৃতীয় প্রকল্প থেকে আগারগাঁও পর্যন্ত বাণিজ্যিকভাবে মেট্রোরেল চালুর পরিকল্পনার কথা ইতোমধ্যে জানিয়েছেন ওবায়দুল কাদের।
বিদ্যুৎ ও জ্বালানি ‘দ্রুত সরবরাহ’ বিল সংসদে
বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনের মেয়াদ আরও চার বছর বাড়াতে ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) বিল-২০১৪’ রোববার সংসদে উত্থাপিত হয়েছে।
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ উত্থাপিত বিলে মেয়াদ চার বছরের জায়গায় আট বছর করার প্রস্তাব রাখা হয়েছে।
গত ২৫ অগাস্ট বিলটি মন্ত্রিসভার অনুমোদন পায়।
বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহের জন্য ২০১০ সালে দুই বছর মেয়াদী এই বিশেষ আইন করা হয়। পরে ২০১২ সালে মেয়াদ বাড়িয়ে চার বছর করা হয়। সে হিসেবে গত ১১ অক্টোবর ওই আইনের মেয়াদ শেষ হয়।
বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত প্রয়োজনীয় প্রকল্প নেয়ার জন্য ‘বিশেষ কমিটির’ মাধ্যমে আগ্রহী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার মাধ্যমে চুক্তি করার বিধান রয়েছে এ আইনে।
এর আওতায় সরকার স্বল্পসময়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে, ওয়েবসাইটে প্রচার চালিয়ে বা ই-মেইলে যোগাযোগ করে ‘আলোচনা ও দর কষাকষির মাধ্যমে’ বিদ্যুৎ বা জ্বালানি প্রকল্পের জন্য চুক্তি করতে পারে।
সরকার গত চার বছরে এ আইনের আওতায় রেন্টাল পাওয়ার প্ল্যান্ট, কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট, ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট স্থাপন, চলমান প্ল্যান্টসমূহের মেরামত এবং নবায়নযোগ্য জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ী কার্যক্রমসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
বিলটি পরীক্ষা করে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে বিদ্যুৎ, জ্বলানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
