মজুরি বৃদ্ধির দাবিতে কর্ণফুলীর ১৬ ঘাটে কর্মবিরতি
মজুরি বৃদ্ধিসহ নয় দফা দাবিতে চট্টগ্রামের কর্ণফুলী নদীর ১৬ ঘাটে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে ঘাট শ্রমিকদের একাংশ।
রোববার সকাল থেকে এ কর্মবিরতির কারণে বন্দরের বর্হিনোঙর থেকে মাল নিয়ে আসা বেশ কিছু লাইটারেজ জাহাজ বিভিন্ন ঘাটে আটক পড়েছে।
চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙর থেকে খাদ্যশস্য ও সার ছোট লাইটার জাহাজের মাধ্যমে এসব ঘাটে এনে খালাস করা হয় এবং পরে বিভিন্ন গুদামে নিয়ে যাওয়া হয়।
চট্টগ্রাম ঘাট গুদাম শ্রমিক সংগ্রাম কমিটির সদস্য সচিব রাজা মিয়া হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল থেকে আমাদের কর্মবিরতি শুরু হয়েছে। দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চলবে।”
তিনি বলেন, ২০১২ সালের জানুয়ারিতেও মজুরি বৃদ্ধির জন্য আন্দোলন হয়েছিল। তখন প্রতি দুইবছর পরপর মজুরি বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু দুই বছর ১০ মাস পেরিয়ে গেলেও মজুরি বাড়ানো হয়নি।
“বেশকিছু দিন ধরে দাবি জানিয়ে আসার পর এই কর্মবিরতি শুরু করতে আমরা বাধ্য হয়েছি।”
এদিকে ঘাটগুদাম শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দাবি করেছেন, শ্রমিকদের সবাই এ আন্দোলনে যুক্ত নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সব শ্রমিকের সাথে আলোচনা না করে একটি পক্ষ কর্মবিরতি শুরু করেছে।”
এতে কয়েকটি ঘাটে কাজ বন্ধ থাকলেও বাকি ঘাটগুলোতে পণ্য খালাস স্বাভাবিক রয়েছে বলে তিনি দাবি করেন।
