সেনা অভ্যুত্থানের তথ্য না পেয়ে সংসদে ক্ষোভ
সংসদে প্রশ্ন করে বাংলাদেশে ঘটে যাওয়া সামরিক অভ্যুত্থানগুলোর পূর্ণাঙ্গ তথ্য সরকারের মন্ত্রীর কাছে না পেয়ে ক্ষোভ জানিয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন।
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর জিয়াউর রহমানের আমল পর্যন্ত (১৯৭৫-৮১) সামরিক বাহিনীতে কয়টি অভ্যুত্থান হয়েছিল এবং কতজন নিহত হয়েছিলেন তা জানতে প্রশ্ন উত্থাপন করেছিলেন।
পটুয়াখালী-৩ আসনের এই সংসদ সদস্যের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, অনেকদিন আগের এসব ঘটনাবলীর তথ্য একত্রীভূত করা সময়সাপেক্ষ ব্যাপার।
এই সময়কালে সেনাবাহিনীতে ‘কিছু’ ক্যু/অভ্যুত্থান/বিদ্রোহ হয়েছিল জানিয়ে উত্তরে বলা হয়, ওই সময়কালে নৌ ও বিমান বাহিনীতে কোনো অভ্যুত্থান হয়নি। তবে ১৯৭৫ সালের ৩ নভেম্বর নৌবাহিনী ও ১৯৭৭ সালের ২ অক্টোবর বিমান বাহিনীতে স্থানীয় বিদ্রোহ হয়।
প্রাণহানির বিষয়ে মন্ত্রীর উত্তর ছিল- “সেনাবাহিনীর অভ্যুত্থানে বেশ কিছু ব্যক্তিবর্গের প্রাণ বিসর্জন দিতে হয়েছিল।”
‘স্থানীয় বিদ্রোহে’ নৌবাহিনীর ১ জন ও বিমান বাহিনীর ১১ জন নিরস্ত্র অফিসারের নাম ও পদবী তুলে ধরেন মন্ত্রী।
সৈয়দ আশরাফের অনুপস্থিতিতে তার পক্ষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তারকাচিহ্নিত প্রশ্নের জবাব সংসদে পড়ে শোনান।
উত্তরে পূর্ণাঙ্গ তথ্য না পেয়ে ক্ষোভ জানিয়ে তখনকার ছাত্রনেতা জাহাঙ্গীর বলেন, ওই সময় সেনাবাহিনীতে ১৯ থেকে ২১টি ক্যু হয়েছে। জিয়াউর রহমানের আমলে ক্যান্টনমেন্ট ও কারা অভ্যন্তরে সামরিক বাহিনীর হাজার হাজার সদস্য নিহত হয়েছে।
“কিন্তু দুর্ভাগ্য হচ্ছে মন্ত্রীর জবাবে এ তথ্যটি আসেনি। সংসদে যে জবাব দেওয়া হয়েছে, তাতে সন্তুষ্ট হতে পারলাম না।”
আশরাফের পক্ষে উত্তর প্রদানকারী ওই সময়কার ছাত্রলীগ সভাপতি ওবায়দুল কাদের জবাবটি অসম্পূর্ণ বলে স্বীকার করেন।
“এ বিষয়ে মাননীয় সংসদ সদস্যের বক্তব্য সঙ্গতিপূর্ণ ও যৌক্তিক,” বলেন ওবায়দুল কাদের।
সম্পূরক প্রশ্নে জাহাঙ্গীর জানতে চান, কতদিনের মধ্যে বিষয়টি সংসদের মাধ্যেমে মন্ত্রী জানাতে পারবেন।
ওবায়দুল কাদের বলেন, “তবে ওই সময় কোনো গণতান্ত্রিক সরকার, সংসদ ও জবাবদিহিতা ছিল না, এ কারণে যারা ঘটনার শিকার হয়েছে বা অভিযুক্ত, তার সঠিক পরিসংখ্যান নেই বলে তা দেওয়া সম্ভব নয়। তবে এই সংখ্যা অনেক।
“শুনেছি ওই সময় জিয়াউর রহমান রাত জেগে জেগে সামরিক বাহিনীর সদস্যদের ফাঁসির আদেশে সই করতেন।”
জাহাঙ্গীর এই বিষয়ক তথ্যের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ এ বিষয়টি জাতির জানার অধিকার রয়েছে।
ওবায়দুল কাদের বলেন, “অন্ধকারে যে ঘটনা ঘটেছে, তা আস্তে আস্তে বেরিয়ে আসতে শুরু করেছে। সত্যকে কেউ চাপা দিয়ে রাখতে পারবে না, এটা বেরিয়ে আসবেই।”
রাজাকারের তালিকা হবে: মন্ত্রী
আগামীকে রাজাকারের তালিকা তৈরি করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বুধবার সংসদে নারায়ণগঞ্জের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান মন্ত্রীর কাছে জানতে চান, রাজাকার-আলবদরদের তালিকা প্রণয়ণ করা হবে কি না।
এর জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, “আমরা কিছু এলাকার তালিকা তৈরি করছি। সেটা পূর্ণাঙ্গ নয়। যতই কষ্টই হোক আমরা রাজাকারদের তালিকা তৈরী করব।”
রাজাকার, আলবদরদের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছিল জানিয়ে তিনি বলেন, “কিন্তু খালেদা জিয়া, নিজামীর আমলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে থাকা তালিকা সুকৌশলে গায়েব করা হয়। যার ফলে তালিকা প্রস্তুত করতে আমাদের সমস্যা হচ্ছে।”
মুক্তিযোদ্ধাদের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরি করা হচ্ছে বলেও জানান মোজাম্মেল হক।
