সিরাজগঞ্জে নির্বাচন: মনোনয়নপত্র তুলেছেন আমজাদ
সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ-সলঙ্গার একাংশ) আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেছেন গাজী ম ম আমজাদ হোসেন মিলন।
মঙ্গলবার সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সোমবার রাতে গণভবনে দলের সংসদীয় বোর্ডের সভায় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে তাকে দলের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়।
গত ৬ অক্টোবর গাজী ইসহাক হোসেন তালুকদারের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়।
এ পর্যন্ত সাত জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও কেউ জমা দেননি বলে জানান তিনি।
আমজাদ হোসেন মিলন ছাত্রজীবনেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। মুক্তিযুদ্ধের সময় বেসরকারি সংগঠন পলাশডাঙ্গা যুব শিবিরের সহ-অধিনায়ক হিসেবে সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধ পরবর্তী সময়ে জন্মভুমি মাগুড়া বিনোদ ইউনিয়ন থেকে ২ বার ইউপি চেয়ারম্যান, ২ বার তাড়াশ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য।
