২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি শিক্ষক খুন: আটক আরো ১৯ জন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক একেএম শফিউল ইসলাম হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আরো ১৯ জনকে আটক করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2014, 01:38 PM

Updated : 22 Aug 2022, 07:53 PM

রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মাহাবুবুর রহমান জানান, রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকাসহ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

“এদের মধ্যে মতিহার, বোয়ালিয়া, রাজপাড়া ও শাহ মখদুম থানা এলাকা থেকে ১৪ জনকে আটক করা হয়েছে। আর গোয়েন্দা পুলিশ (ডিবি) আরও পাঁচজনকে আটক করেছে।"

গত শনিবারের ওই হত্যাকাণ্ডের পর এ নিয়ে মোট ৩৪ জনকে আটক করল পুলিশ, যাদের মধ্যে রাজশাহী ইসলামিয়া কলেজের অধ্যক্ষ হুমায়ুন আহমেদও রয়েছেন। পুলিশ বাকিদের নাম-পরিচয় প্রকাশ করেনি।

পুলিশ কমিশনার মাহাবুবুর বলেন, “আটকদের জিজ্ঞাসাবাদ করে শফিউল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে।”

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন বিহাস এলাকায় শনিবার বিকালে কুপিয়ে হত্যা করা হয় সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. এ কে এম শফিউল ইসলাম লিলনকে, যিনি বাউল সাধক লালন ভক্ত ছিলেন।

ঘটনার দিন রাতেই ফেইসবুকে আনসার আল ইসলাম বাংলাদেশ-২ নামে একটি পৃষ্ঠায় এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করা হলেও এ বিষয়ে পুলিশ নিশ্চিত নয়। 

তবে নিহত অধ্যাপকের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সৌমিন সাহরিদ জাভিন মনে করছেন, ইসলামী জঙ্গি সংগঠনগুলোই তার বাবাকে হত্যা করেছে।

বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক এন্তাজুল হক এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় কারো নাম উল্লেখ না করে অজ্ঞাতপরিচয় অনেককে আসামি করা হয়েছে।

তবে আটক ৩৪ জনের কাউকেই সোমবার সকাল পর্যন্ত এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি বলে মতিহার থানার ওসি আলমগীর হোসেন জানান।

তিনি বলেন, "বিষয়টি প্রক্রিয়াধীন। দুপুরের পর কয়েকজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হবে।"

পুরনো খবর:

রাবি অধ্যাপক খুন: কলেজ অধ্যক্ষসহ আটক ১৫
জঙ্গিদের দায়ী করেছেন অধ্যাপক শফিউলের ছেলে