দেশে ফিরেছেন রাষ্ট্রপতি
চীন ও সিঙ্গাপুর সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রোববার রাত ১০টা ৪০ মিনিটে রাষ্ট্রপতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান।
বিমান বন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এছাড়া তিন বাহিনীর প্রধানসহ সামরিক-বেসামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণে ‘ডায়ালগ অন স্ট্রেনদেনিং কানেকটিভিটি পার্টনারশিপ’ শীর্ষক সংলাপে যোগ দিতে গত ৬ নভেম্বর বেইজিং যান আবদুল হামিদ।
সফরের সময় সেদেশের প্রেসিডেন্ট শি জিনপিং ও মিয়ানমারের প্রেসিডেন্ট উ থেইন সেইনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন রাষ্ট্রপতি।
চীনে অনুষ্ঠিত এপেক-সিইও সামিটে বক্তব্য রাখেন তিনি। এছাড়া এপেক ইকোনোমিক লিডারস’ সম্মেলনে যোগ দেওয়া বিশ্ব নেতাদের সঙ্গে নৈশভোজেও যোগ দেন আবদুল হামিদ।
চীনে চার দিনের সফর শেষে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যান রাষ্ট্রপতি।
