এলাহীকাণ্ড!
‘এ তো এলাহীকাণ্ড! ঘটনা তো ইতিহাস হয়ে থাকবে!’
রেলমন্ত্রী মুজিবুল হক ও হনুফা আক্তার রিক্তার বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন দেখে এভাবেই প্রতিক্রিয়া জানিয়েছেন অতিথিরা।
বৌভাত উপলক্ষে সংসদ ভবনের এলডি হল এলাকায় বিশাল আয়োজন করেন মন্ত্রী। মনিপুরীপাড়া ফটক থেকে এলডি হল পর্যন্ত ছিল আলোক সজ্জা।
অতিথিদের অভ্যর্থনা জানাতে কালো রংয়ের স্যুট পরিহিত ৬৭ বছর বয়সী মন্ত্রীকে সন্ধ্যায় অনুষ্ঠানস্থলে প্রবেশের মূল ফটকের পাশেই দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
নিমন্ত্রণপত্র ছাড়া কাউকে ঢুকতে না দেওয়ায় পরিবার-পরিজন নিয়ে এসে বিপত্তিতে পড়তে হয় অনেককে।
এই পরিস্থিতিতে রাত সাড়ে ৮টার পর ফটক খুলে দিলে দলে দলে অতিথিরা প্রবেশ করেন অনুষ্ঠানস্থলে।
মন্ত্রীর পরিবার ও তার শ্বশুর বাড়ির অতিথিদের পাশাপাশি ছিলেন ভিআইপিরাও।
জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী, পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, প্রবাসী কল্যাণমন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিককে দেখা গেছে অনুষ্ঠানে।
সোনালী জরির শাড়িতে বৌ
ঘিয়ে রংয়ের সোনালী জরির শাড়ি, সিতাহার, কণ্ঠহার, টিকলি পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন বৌ হনুফা আক্তার রিক্তা। মঞ্চে ওঠার পর তাকে ঘিরে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন আগ্রহীরা।
অফুরন্ত খাবার
অতিথিদের আপ্যায়নের দায়িত্বে থাকা আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কাযনির্বাহী কমিটির সহ-সভাপতি আবুল হোসেন জানিয়েছেন, কেউ যেন না খেয়ে না যান সেজন্য প্রচুর খাবারের আয়োজন করা হয়। আমন্ত্রিতদের বাইরে আরো পাঁচ হাজার মানুষের জন্য খাবার রাখা হয়।
আয়োজকরা জানান, প্রায় ২০ হাজার অতিথি আপ্যায়নের ব্যবস্থা করেছিলেন তারা।
এলডি হলের পাশে একসঙ্গে আড়াই হাজার লোকের খাবার ব্যবস্থা করা হয়।
ভিআইপিদের জন্য এলডি হলের ভেতরে দুটি স্থানে ২০টি টেবিল রাখা হয়।
খাবার মেন্যুতে ছিল কাচ্চি বিরিয়ানি, মুরগির রোস্ট ও কোমল পানীয়। সন্ধ্যা ৭টা থেকে শুরু হয় খাওয়া-দাওয়া।
বিবাহোত্তর সংবর্ধনায় উপহার গ্রহণ করতে অনুষ্ঠানস্থলের পাশে প্যান্ডেল করে ৬টি কাউন্টার বসানো হয়।
বিয়ের অনুষ্ঠানে শতাধিক বরযাত্রীর মূল্যবান জিনিসপত্র খোয়া যাওয়ায় এবার এ ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো অনুষ্ঠানস্থল ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভির) আওতায় আনা হয়।
গত ৩১ অক্টোবর কুমিল্লার চান্দিনার মীরাখলা গ্রামে হনুফা আক্তার রিক্তার সঙ্গে বিয়ে হয় রেলমন্ত্রী মুজিবুল হকের, ৬৭ বছর বয়সে অবিবাহিত জীবনের ইতি টেনেছেন যিনি।
২০০০ সালে এসএসসি পাস করা রিক্তার সঙ্গে মন্ত্রীর পরিচয় হয় বছর তিনেক আগে কনের বাড়িতে।
