‘মন্ত্রীর বৌভাত, দেখতে এসে খেয়ে গেলাম’
“রেলমন্ত্রী হয়তো আমাকে দাওয়াত দিতে ভুলে গেছেন। তবে আমি ভুলিনি, মন্ত্রীর বৌভাত অনুষ্ঠান কি মিস করা যায়?”
বিনা দাওয়াতে রেলমন্ত্রী মুজিবুল হক ও হনুফা আক্তার রিক্তার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে এসে এভাবেই যুক্তি দেন মিরপুর ১০ নম্বর থেকে আসা আমিনুর রহমান।
“দাওয়াত পাইনি তো কি হয়েছে, আমার বাড়ি কুমিল্লায়, কুমিল্লার মন্ত্রী, তাই অনুষ্ঠানে তো আসতেই পারি, আর এসেই যখন পড়েছি না খেয়ে কি যাওয়া যায়, দেখতে এসে খেয়ে গেলাম,” বলেন তিনি।
বৌভাতে অতিথিদের আপ্যায়নে সংসদ ভবনের এলডি হল এলাকায় বিশাল আয়োজন করেন মন্ত্রী মুজিবুল হক। মনিপুরীপাড়া ফটক থেকে এলডি হল পর্যন্ত ছিল আলোক সজ্জা।
সন্ধ্যায় অতিথিদের অভ্যর্থনা জানানো শুরু হলে ওই ফটক থেকে দীর্ঘ লাইন শুরু হয়। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে ভিতরে ঢোকেন অতিথিরা।
নিমন্ত্রণপত্র ছাড়া কাউকে ঢুকতে না দেওয়ায় পরিবার-পরিজন নিয়ে এসে বিপত্তিতে পড়তে হয় অনেককে। অবশ্য রাত সাড়ে ৮টার পর ফটক খুলে দেওয়ায় দলে দলে অতিথিরা প্রবেশ করেন অনুষ্ঠানস্থলে, যাদের অনেকেই ছিলেন বিনা দাওয়াতের।
অনুষ্ঠান দেখতে এসেও সুযোগে পেয়ে অনুষ্ঠানস্থলে ঢুকে পড়েন অনেকে। তারা সোজা চলে যান আপ্যায়ন স্থলে।
আপ্যায়নের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকরা জানান, অনেকেই দাওয়াত ছাড়াই এসেছেন। তবে বৌভাত অনুষ্ঠান, তাও আবার মন্ত্রীর, কেউ এসে না খেয়ে ফিরে যাক তা তারা চাননি।
এলডি হলের পাশে একসঙ্গে আড়াই হাজার লোকের খাবার ব্যবস্থা করা হয়।
ভিআইপিদের আপ্যায়নে এলডি হলের ভেতরে দুটি স্থানে ২০টি টেবিল রাখা হয়।
খাবার মেন্যুতে ছিল কাচ্চি বিরিয়ানি, মুরগির রোস্ট ও কোমল পানীয়। সন্ধ্যা ৭টা শুরু হয় খাওয়া-দাওয়া। রাত ১১টা নাগাদ চলে এই অনুষ্ঠান।
শ্বশুর বাড়ির ৫০০ অতিথি
বৌভাতে প্রায় ৫০০ অতিথি এসেছেন মন্ত্রীর স্ত্রী হনুফা আক্তার রিক্তার পরিবারের পক্ষ থেকে।
রিক্তার ভাতিজা শোয়েব আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এলাকা থেকে প্রায় ৫০০ জন এসেছি। সবাই রিক্তা ফুপুর ঘনিষ্ট আত্মীয়-স্বজন।
“মোটামুটি একসাথেই সবাই এসেছি। তবে ঢাকায় বসবাসকারী আত্মীয়-স্বজনরা অনুষ্ঠানস্থলে আগেই এসেছেন।”
শশুরবাড়ীর পক্ষের আত্মীয়-স্বজনদের খাওয়ার সময় মন্ত্রী নিজেই খোঁজ-খবর নেন।
গত ৩১ অক্টোবর কুমিল্লার চান্দিনার মীরাখলা গ্রামে কনের বাড়িতে হনুফা আক্তার রিক্তার সঙ্গে বিয়ে হয় রেলমন্ত্রী মুজিবুল হকের, ৬৭ বছর বয়সে অবিবাহিত জীবনের ইতি টেনেছেন যিনি।
২০০০ সালে এসএসসি পাস করা রিক্তার সঙ্গে মন্ত্রীর পরিচয় হয় বছর তিনেক আগে।
