২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভাবি’র সঙ্গে ছবি তোলার হিড়িক

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা। ঘটনাস্থল জাতীয় সংসদ ভবন চত্বরের এলডি হল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2014, 12:27 AM

Updated : 13 Oct 2022, 12:48 PM

ঘিয়ে রংয়ের সোনালী জরির শাড়ি, সিতাহার, কণ্ঠহার, টিকলি পরে বৌভাতের অনুষ্ঠানস্থলে এলেন নববধূ হনুফা আক্তার রিক্তা। মঞ্চে বৌ উঠার সঙ্গে সঙ্গেই তাকে ঘিরে ছবি তোলার হিড়িক।

উপস্থিত অতিথিদের একটাই দাবি- ‘ভাবি’র সঙ্গে ছবি তুলতে চান তারা।

এক পর্যায়ে মঞ্চে কয়েকশ’ অতিথি উঠে গেলে তাদের নামিয়ে দিতে চলে ধাক্কাধাক্কি: তবুও যেন ভিড় এড়ানো যায় না।

রেলমন্ত্রী মুজিবুল হক ও তার স্ত্রী হনুফা আক্তার রিক্তার বিবাহোত্তর সংবর্ধনায় নববধূকে ঘিরে আগ্রহ ছিল এমনই।

অতিথিদের একজন আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এতো কষ্ট করে এখানে আসলাম, ভাবির সাথে ছবি তুলে যাব না?”

অতিথিদের অধিকাংশই যেভাবেই হোক ছবি তুলেছেন নতুন বৌয়ের সঙ্গে। দূর থেকে হলেও মঞ্চে বসে থাকা নতুন বৌকে ঘিরে ছবি তোলেন তারা।

অতিথিদের আপ্যায়নে সংসদ ভবনের এলডি হল এলাকায় করা হয় বিশাল আয়োজন। মনিপুরীপাড়া ফটক থেকে এলডি হল পর্যন্ত ছিল আলোক সজ্জা।

অনুষ্ঠানস্থলে ঢুকতে এই ফটক থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় অতিথিদের। সারি ধরে একের পর এক ভিতরে প্রবেশ করেন তারা।

নিমন্ত্রণপত্র ছাড়া কাউকে ঢুকতে না দেওয়ায় পরিবার-পরিজন নিয়ে এসে বিপত্তিতে পড়তে হয় অনেককে।

এই পরিস্থিতিতে রাত সাড়ে ৮টার পর ফটক খুলে দিলে দলে দলে অতিথিরা প্রবেশ করেন অনুষ্ঠানস্থলে।

মন্ত্রীর বৌভাতে বাড়তি অতিথির কথা মাথায় রেখে আমন্ত্রিতদের বাইরে আরো পাঁচ হাজার মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয় বলে জানান আয়োজকরা।

গত ৩১ অক্টোবর কুমিল্লার চান্দিনার মীরাখলা গ্রামে কনের বাড়িতে হনুফা আক্তার রিক্তার সঙ্গে বিয়ে হয় রেলমন্ত্রী মুজিবুল হকের, ৬৭ বছর বয়সে অবিবাহিত জীবনের ইতি টেনেছেন যিনি।

২০০০ সালে এসএসসি পাস করা রিক্তার সঙ্গে মন্ত্রীর পরিচয় হয় বছর তিনেক আগে।