২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্রযাত্রা ধরে রাখতে সহযোগিতা চাই: প্রধানমন্ত্রী

বন্দর নগরীতে নতুন ফ্লাইওভার উদ্বোধন করে সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশের অগ্রযাত্রার ধারাবাহিকতা ধরে রাখতে চট্টগ্রামবাসীর সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 10:22 PM

Updated : 13 Oct 2022, 12:47 PM

পুরনো খবর:

আখতারুজ্জামান ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু
‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পেল ইস্টবেঙ্গলের ৩ ইউনিট

বুধবার চট্টগ্রামের মুরাদপুরে আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের (মুরাদপুর ফ্লাইওভার) নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলেছি, তা যেন অব্যাহত থাকে এজন্য সহযোগিতা করবেন। আমরা দেশে সন্ত্রাস-জঙ্গিবাদের বদলে গণতন্ত্র ও উন্নয়ন চাই।”

দেশে একসময় খাদ্যাভাব থাকলেও তা দূর করে এখন খাদ্যশস্য রপ্তানির কথাও তুলে ধরেন তিনি।

“খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পাশাপাশি রপ্তানিও করতে পারছি। বাংলাদেশে একজন মানুষও না খেয়ে মারা যাবে না।”

২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের এবং ২০৪১ সালে উন্নত দেশে পরিণত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী।

বক্তব্যে তিনি চট্টগ্রামের সঙ্গে তার ‘আত্মার আত্মীয়তা’ রয়েছে উল্লেখ করে বন্দর নগরীর উন্নয়নে নেওয়া তার সরকারের উন্নয়ন প্রকল্পগুলোও তুলে ধরেন।

চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব ‘নিজের কাঁধে’ তুলে নেওয়ার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, বাণিজ্যিক রাজধানী হিসেবে কার্যকর অর্থেই চট্টগ্রাম দ্বিতীয় রাজধানীর মর্যাদা পাচ্ছে।

মুরাদপুর থেকে লালখান বাজার জংশন পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ কাজের উদ্বোধন করতে পেরে ‘আনন্দিত’ প্রধানমন্ত্রী এই উড়াল সড়কটি শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত সম্প্রসারণের আশ্বাস দেন তিনি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেইন হওয়ার পর তা ছয় লেইনে উন্নীত করার প্রতিশ্রুতি দেন শেখ হাসিনা।

সেই সঙ্গে রেলপথ উন্নয়নের কথাও বলেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনের নির্মাণের অংশ হিসেবে জমি অধিগ্রহণসহ অন্যান্য কাজ শুরুর বিষয়টিও উল্লেখ করেন তিনি।

চট্টগ্রামে গ্যাসের সমস্যার কথা স্বীকার করে শেখ হাসিনা বলেন, সমস্যা সমাধানে কিছু সমাধানে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। মাতারবাড়িতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করা হচ্ছে। আর এলএনজি টার্মিনাল নির্মিত হলে গ্যাসের সংকট থাকবে না।

মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত (দুটি র‌্যাম্পসহ) ৫ দশমিক ২ কিলোমিটার দৈর্ঘ্যের আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তদারককারী প্রতিষ্ঠান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালামসহ চট্টগ্রাম এলাকার মন্ত্রী, সাংসদ ও আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

৪৬২ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য এটিই হবে চট্টগ্রামের সবচেয়ে বড় ফ্লাইওভার। এর নির্মাণকাজ দুই বছরের শেষ করার লক্ষ্য ঠিক করা হয়েছে।  

মুরাদপুর থেকে ওয়াসা জংশন পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার ফ্লাইওভারে চারটি লেইন থাকবে। এছাড়া দুই নম্বর গেইট থেকে বায়েজিদ পর্যন্ত দুই লেনের দশমিক শূন্য সাত কিলোমিটার (নিম্নমুখী) র‌্যাম্প ও অক্সিজেন থেকে জিইসিমুখী দুই লেইনের এক কিলোমিটার (ঊর্ধ্বমুখী)  র‌্যাম্প থাকবে।

ফ্লাইওভার উদ্বোধনের আগে চট্টগ্রাম সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩৪, ৩৬ ও ৩৮ ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করেন প্রধানমন্ত্রী।