২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পেল ইস্টবেঙ্গলের ৩ ইউনিট

বাংলাদেশ সেনাবাহিনীর ইস্টবেঙ্গল রেজিমেন্টের তিনটি ইউনিটকে ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ সম্মাননা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 07:31 PM

Updated : 13 Oct 2022, 12:47 PM

বুধবার সকালে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে এক অনুষ্ঠানে ইস্টবেঙ্গল রেজিমেন্টের (ইবিআর) ৩৪, ৩৬ ও ৩৮ নম্বর ইউনিটকে জাতীয় পতাকা প্রদানের মাধ্যমে এ সম্মাননা দেন প্রধানমন্ত্রী।

রেজিমেন্টের সদস্যরা অতীতের মতো আগামীতেও দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষাসহ অর্পিত দায়িত্ব সফলতার সঙ্গে পালন করবেন বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা।

তিনি বলেন, “সেবা ও কর্তব্যপরায়ণতার মাধ্যমে সশস্ত্র বাহিনীর সদস্যরা জনগণের শ্রদ্ধা-ভালোবাসা এবং সমগ্র জাতির আস্থা অর্জন করেছেন। সরকারেরও সশস্ত্র বাহিনীর প্রতি অগাধ বিশ্বাস ও আস্থা রয়েছে।

“দেশ ও জাতির প্রয়োজনে জনকল্যাণমূলক কাজে সশস্ত্র বাহিনীকে অবদান রাখতে হবে।”

বিগত সময়ে সশস্ত্র বাহিনীর উন্নয়নে আওয়ামী লীগ সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “আমরা ন্যাশনাল ডিফেন্স কলেজ, মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছি।

“এছাড়া ৫২ পদাতিক ব্রিগেড, বঙ্গবন্ধু সেতুর নিরাপত্তার জন্য একটি কম্পোজিট ব্রিগেডসহ ছোট-বড় বিভিন্ন ইউনিট প্রতিষ্ঠা করি। পদাতিক বাহিনীর বিশালতা ও কর্মপরিধির কথা চিন্তা করে গতিশীলতা বৃদ্ধির জন্য এই বাহিনীর দ্বিতীয় রেজিমেন্ট ‘বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট’ প্রতিষ্ঠা করেছিলাম।”

সরকারের ‘রূপকল্প ২০২১’ এর আলোকে বাংলাদেশ সেনাবাহিনীর ‘ফোর্সেস গোল ২০৩০’ চূড়ান্ত করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

“এ আলোকে সেনাবাহিনীর সাংগঠনিক কাঠামো বিন্যাস ও পরিবর্তনের পাশাপাশি এই বাহিনীর আধুনিকায়নের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে,” বলেন তিনি।

অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রধান ইকবাল করিম ভূইয়া ছাড়াও মন্ত্রী পরিষদের সদস্য ও কয়েকজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

জাতীয় পতাকা প্রাপ্ত ইস্টবেঙ্গল রেজিমেন্টের (ইবিআর) তিনটি ইউনিট হল- রংপুর সেনানিবাসের ৩৪ ইস্ট বেঙ্গল, শহীদ সালাউদ্দীন সেনানিবাসের ৩৬ ইস্ট বেঙ্গল ও জালালাবাদ সেনানিবাসের ৩৮ ইস্ট বেঙ্গল।

যশোর সেনানিবাসে ১৯৭৭ সালের জানুয়ারিতে ‘ডেডলি টাইগার্স’ বলে খ্যাত ৩৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠা করা হয়। এটি ২০০০ সালের এপ্রিলে রেজিমেন্টাল কালার অর্জন করে। ইউনিটটি বর্তমানে রংপুর সেনানিবাসে ৬৬ পদাতিক ডিভিশনের অধীনে নিয়োজিত রয়েছে।

বগুড়া সেনানিবাসে ১৯৭৭ সালের নভেম্বরে ‘ড্যাশিং টাইগার্স’ নামে পরিচিত ৩৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠা করা হয়। এটি ১৯৯৯ সালের মার্চে রেজিমেন্টাল কালার অর্জন করে। ইউনিটটি বর্তমানে বঙ্গবন্ধু সেতু এলাকায় শহীদ সালাউদ্দীন সেনানিবাসে ১৯ পদাতিক ডিভিশনের অধীনে নিয়োজিত রয়েছে।

রংপুর সেনানিবাসে ১৯৮০ সালের ডিসেম্বরে ‘পারদর্শী আটত্রিশ’ নামে পরিচত ৩৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠা করা হয়। এটি ২০১১ সালের এপ্রিলে রেজিমেন্টাল কালার অর্জন করে। ইউনিটটি বর্তমানে জালালাবাদ সেনানিবাসে ১৭ পদাতিক ডিভিশনের অধীনে নিয়োজিত রয়েছে।