২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধ্যাপক জিল্লুরের মৃত্যুতে জাবি কর্তৃপক্ষের শোক

শিক্ষাবিদ ও প্রথম তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 06:18 PM

Updated : 13 Oct 2022, 12:47 PM

পুরনো খবর:

বৃহস্পতিবার শহীদ মিনারে জিল্লুর রহমানকে শ্রদ্ধা

এক সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালনকারী প্রয়াত এই শিক্ষাবিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বুধবার বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি সকাল ১০টা থেকে সব অফিস ও ক্লাস ছুটি দিয়ে দেয়া হয়।  এছাড়া শোক সন্তপ্তদের স্মৃতি ধারণের জন্য বিশ্ববিদ্যালয়ে একটি শোক বই খোলা হয়েছে।

মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে ঢাকার বনানীতে নিজের বাসায় ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অধ্যাপক জিল্লুর।  

বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে প্রেরিত এক শোক বার্তায় উপাচার্য বলেন, “১৯৭৯ সালে বাংলা একাডেমি ও ২০১০ সালে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট এ শিক্ষাবিদের মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। শিক্ষা, গবেষণা, সমাজ ও সংস্কৃতিতে তার অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।”

শোকবার্তায় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মরহুমের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং ভৌত অবকাঠামো সম্প্রসারণে তার অবদান স্মরণীয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছে। নিবেদিত প্রাণ এই অধ্যাপকের মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবারও শোকাহত।”

বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ

অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর মৃত্যুতে শোক জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।

মৃত্যুর খবর পাওয়ার পর বুধবার এসব সংগঠনের পক্ষ থেকে শোক জানিয়ে বিবৃতি দেয়া হয়।

এক শোক বার্তায়  ছাত্র ইউনিয়ন জাবি সংসদের পক্ষ থেকে বলা হয়,“অধ্যাপক জিল্লুর রহমান আমাদের একজন অভিভাবক ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণায় তার অবদান স্মরণীয়। তার জীবন ও কর্ম ভবিষ্যতে চলার পথে আমাদের দিকনির্দেশনা দিবে।”

এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর মৃত্যুতে শোক প্রকাশ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন শিক্ষক মঞ্চ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্রলীগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব।

এসব শোক বার্তায় অধ্যাপক জিল্লুর রহমানের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।

ক্যাম্পাসে জানাজা

অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর মরদেহ বৃহস্পতিবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আনা হবে। ৯টায় উপাচার্য বাসভবনের উত্তর পাশের মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় এক বিবৃতিতে মাধ্যমে জানিয়েছে।