২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিআরটিএর বিরুদ্ধে গাবতলীতে মিছিল

ফিটনেসবিহীন গাড়ি আটকাতে বিআরটিএর চলমান অভিযানের বিরুদ্ধে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে মিছিল করেছে গাড়িচালকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2014, 11:08 PM

Updated : 22 Aug 2022, 07:50 PM

অভিযানের দ্বিতীয় দিন মঙ্গলবার সন্ধ্যায় ট্রাকচালকদের বের করা এই মিছিলে পরে অন্য পরিবহন শ্রমিকরাও যোগ দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

মিছিল থেকে বিআরটিএর বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি বাংলাদেশ আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়নের নেতাদের ‘দালাল’ বলে স্লোগানও শোনা গেছে।

তারা চালকদের লাইসেন্স নিয়ে হয়রানি এবং পরিকল্পনা ছাড়াই আকস্মিক অভিযান বন্ধের দাবির পাশাপাশি সড়ক পরিবহনমন্ত্রীর পদত্যাগও দাবি করেন।

ইউনিয়নের নেতারা মিছিলের কথা স্বীকার করলেও তাদের বিরুদ্ধে স্লোগানের কথা অস্বীকার করে বলেছেন, তাদের ১৭ নভেম্বরের সমাবেশ সফল করার আহ্বানে ওই মিছিল হয়েছে।

ফিটনেসবিহীন গাড়ির পাশাপাশি যানবাহনের কাগজপত্র ও চালকদের লাইসেন্স পরীক্ষা চলছে সোমবার থেকে বিআরটিএর চালানো অভিযানে। এতে আইনভঙ্গকারীদের জরিমানাও করা হচ্ছে।

এর মধ্যেই মঙ্গলবার সন্ধ্যায় কয়েকশ’ চালক আমিনবাজার থেকে মিছিল শুরু করে গাবতলীতে আসে। সেখানে আরও শ্রমিক যুক্ত হলে মিছিলটি বড় হয়। এরপর মিছিলটি টেকনিক্যাল মোড় ঘুরে গাবতলীতে গিয়ে শেষ হয়।

এসময় প্রায় এক ঘণ্টা পুরো এলাকায় যানজটের সৃষ্টি হলে শতশত মানুষ দুর্ভোগে পড়েন বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

Image
বিআরটিএর অভিযান

বিআরটিএর অভিযান

এ বিষয়ে ইউনিয়নের গাবতলী শাখার সভাপতি সাদেক হোসেন তুফান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিআরটিএ চালকদের বিভিন্ন সমস্যার সমাধান না করে আকস্মিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযান শুরু করায় চালকরা ক্ষিপ্ত হয়ে মিছিলে নামে।

তিনি বলেন, চালকদের লাইসেন্স দেওয়ার নামে হয়রানি করে আসছে। অনেকে দুই যুগ ধরে গাড়ি চালালেও লাইসেন্স পাচ্ছেন না। টাকা নিয়ে দেওয়া হচ্ছে ভুয়া লাইসেন্স।

“তাছাড়া বিভিন্ন সড়কে গাড়ির কাগজ, চালকের লাইসেন্স পরীক্ষার নামে পুলিশ হয়রানি করছে, টাকা নিচ্ছে। পুলিশ-বিআরটিএ এসব হয়রানি বন্ধের জন্য বহু অভিযোগ করার পরও কাজ হচ্ছে না।”

শ্রমিকদের স্লোগানের বিষয়ে তিনি বলেন, “শ্রমিকরা কী স্লোগান দিয়েছে, তা তো খেয়াল করিনি। তবে তারা যেন কোনো গাড়ি ভাংচুর না করে, সে দিকে খেয়াল ছিল।”

ইউনিয়নের আমিনবাজার শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রেপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চালকরা মূলত ১৭ নভেম্বরের সমাবেশকে সফল করতেই মিছিল করেছে।

“নানা দিক থেকে হয়রানি করায় দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ চালকরা। হয়রানি বন্ধ না হওয়ায় তারা উত্তেজিত হয়ে সংগঠনের নেতাদের দালাল বলে গালমন্দও করে।”

বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ১৭ নভেম্বর গাবতলীতে সমাবেশ ডেকেছেন বলে জানান ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি আবুল হোসেন। তবে সন্ধ্যার মিছিলের খবর তিনি জানেন না বলে জানিয়েছেন।

পুরনো খবর:

ফিটনেসবিহীন গাড়ি ধরতে অভিযানে জনদুর্ভোগ, মন্ত্রীর দুঃখপ্রকাশ
অভিযান চলছে, জনভোগান্তিও