২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌযান শ্রমিকদের ধর্মঘ্ট প্রত্যাহার

নৌমন্ত্রীর সাথে বৈঠকের পর নিরাপত্তার দাবিতে ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছে নৌযান শ্রমিকরা।

চট্টগ্রাম ব্যুরো

ও বাগেরহাট প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2014, 09:39 PM

Updated : 22 Aug 2022, 07:50 PM

সোমবার সন্ধ্যায় ঢাকায় বৈঠকে দাবি পূরণের আশ্বাসের পরিপ্রেক্ষিতে কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে বলে নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ (সোমবার) রাত থেকেই নৌশ্রমিকরা কাজ শুরু করবে।”

“চট্টগ্রামের লাইটার জাহাজেও রাত থেকেই কাজ শুরু হচ্ছে,” বলেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক খোরশেদ আলম।

লক্ষ্মীপুরে মেঘনা নদীতে একটি লাইটারাজে (ছোট জাহাজ) ডাকাতি হয়েছে দাবি করে নিরাপত্তার দাবিতে শনিবার থেকে ধর্মঘট শুরু করে নৌযান শ্রমিকরা।

রোববার চট্টগ্রামে বৈঠকে লাইটারেজ শ্রমিক ইউনিয়নের একাংশ ধর্মঘট থেকে সরে এলেও ইউনিয়নের অন্য অংশ এবং ফেডারেশন কর্মসূচি চালিয়ে যাওয়ায় চট্টগ্রাম ও মংলা বন্দরে বড় জাহাজ থেকে পণ্য খালাস আটকে থাকার পাশাপাশি নৌপথে পণ্য পরিবহনও বন্ধই থাকে।

এর মধ্যেই ঢাকায় শ্রমিক নেতাদের সঙ্গে নৌ মন্ত্রণালয়ে বৈঠকে বসেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।

আশিকুল আলম বলেন, “শ্রমিকদের নিরাপত্তার দিক সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনার পাশাপাশি বিভিন্ন দাবি মেনে নেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।”

সাতদিনের মধ্যে নিখোঁজ শ্রমিকদের উদ্ধার, ডাকাতি ও অপহরণে জড়িতদের গ্রেপ্তার ও বিচার এবং নিহত শ্রমিকের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস মন্ত্রী দিয়েছেন বলে জানান তিনি।

আশিকুল বলেন, আগামী সাতদিন পরে উচ্চ পর্যায়ের একটি বৈঠকও হবে যেখানে এসব বিষয়ে অগ্রগতি নিয়ে আলোচনা হবে।

Image
কর্মবিরতিতে লাইটার জাহাজের শ্রমিকরা (শনিবারের ছবি)

কর্মবিরতিতে লাইটার জাহাজের শ্রমিকরা (শনিবারের ছবি)

কর্ণফুলী-৫ লাইটারেজ লক্ষ্মীপুরে মেঘনায় দুর্ঘটনায় পড়ার পর নৌশ্রমিকরা ধর্মঘটে যায়।

চট্টগ্রামের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) থেকে সার নিয়ে এমভি কর্ণফুলী-৫ যাচ্ছিল সিরাজগঞ্জের বাঘাবাড়ী।

শনিবার ভোরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বাতির খাল এলাকার অদূরে মেঘনা নদীতে আরেকটি মালবাহী জাহাজ এটিকে ধাক্কা দেয় বলে পুলিশ জানায়।

এরপর কর্ণফুলীর তালাবদ্ধ কেবিন থেকে তিন শ্রমিককে উদ্ধার করে পুলিশ। জাহাজে মেলে রক্তমাখা লোহার রেঞ্চ। নিখোঁজ ছিল ওই জাহাজের সাত শ্রমিক।

কর্ণফুলীতে ডাকাতি হয়েছে বলে চট্টগ্রামে খবর ছড়িয়ে পড়লে নৌযান শ্রমিকরা কর্মবিরতি শুরু করে।

নিখোঁজ সাত শ্রমিকের মধ্যে একজনের লাশ সোমবার সকালে উদ্ধার করে পুলিশ। বাকি ছয় শ্রমিকের সন্ধানে উদ্ধার অভিযান জোরদারের আশ্বাস মন্ত্রী দিয়েছেন বলে ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহ আলম জানিয়েছেন।

এদিকে রোববার ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া শ্রমিক ইউনিয়ন একাংশের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারাও নৌমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এবং মন্ত্রীর আশ্বাসে আশ্বস্ত হয়েছেন।

পুরনো খবর:

মেঘনা থেকে এমভি কর্ণফুলীর চালকের লাশ উদ্ধার
নৌধর্মঘট প্রত্যাহার শ্রমিকদের একাংশের