নৌধর্মঘট প্রত্যাহার শ্রমিকদের একাংশের
উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নৌযান শ্রমিকদের একাংশ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিলেও আরেক অংশ কর্মসূচি চালিয়ে যেতে অনড়।
লক্ষ্মীপুরে মেঘনা নদীতে একটি লাইটারাজে (ছোট জাহাজ) ডাকাতির পর নিরাপত্তার দাবিতে শনিবার থেকে ধর্মঘট শুরু করে নৌযান শ্রমিকরা।
এতে চট্টগ্রাম ও মংলা বন্দরে বড় জাহাজ থেকে পণ্য খালাস আটকে যাওয়ার পাশাপাশি নৌপথে পণ্য পরিবহনও বন্ধ হয়ে যায়।
এর মধ্যেই রোববার সন্ধ্যায় লাইটারেজ শ্রমিক ইউনিয়নের নেতারা চট্টগ্রাম অঞ্চলের ডিআইজি মোহাং শফিকুল ইসলামের সভাপতিত্বে বৈঠক করেন।
ডিআইজি শফিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিক নেতারা অভ্যন্তরীণ নৌরুটে চলাচলকারী নৌযানগুলোর নিরাপত্তাসহ সাতদফা দাবি দিয়েছে।
“তাদের দাবি পূরণের আশ্বাস দেওয়ার পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে একমত হয় তারা।”
তিনি বলেন, লক্ষ্মীপুরে নিখোঁজ শ্রমিকদের উদ্ধারসহ এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।
বৈঠকে লাইটারেজ শ্রমিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনসহ অন্যান্য শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুরসহ বিভিন্ন জেলার পুলিশ সুপার, কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে ছিলেন।
এদিকে লাইটারেজ শ্রমিক ইউনিয়নের অন্য অংশ ও বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের নেতারা এই বৈঠকে যোগ দেননি।
ইউনিয়নের ওই অংশের সাধারণ সম্পাদক নবী আলম রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ধর্মঘট প্রত্যাহার করি নাই। নিখোঁজ শ্রমিকদের উদ্ধার এবং নৌপথে ডাকাতি-চাঁদাবাজি যতদিন বন্ধ না হবে, ততদিন পর্যন্ত ধর্মঘট চলবে।”
নৌযান ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুল আলমও রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের কর্মসূচি অব্যাহত রয়েছে।
“সরকার আমাদের কোনও সভায় ডাকেওনি, আমরা যাইও নি। ফলে আমাদের ধর্মঘট অব্যাহত রয়েছে।”
