২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনা থেকে এমভি কর্ণফুলীর চালকের লাশ উদ্ধার

লক্ষ্মীপুরের মেঘনা নদীতে লাইটার জাহাজ এমভি কর্ণফুলী-৫ এর নিখোঁজ চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2014, 11:52 AM

Updated : 25 Apr 2022, 04:57 PM

রামগতি থানার ওসি রেজাউল করিম জানান, সোমবার ভোরে জাহাজটির চালক নূর নেওয়াজের লাশ নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়।

এমভি কর্ণফুলী-৫ চট্টগ্রামের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) থেকে সার নিয়ে বাঘাবাড়ী যাচ্ছিল। শনিবার ভোররাতে রামগতি উপজেলার বাতিরখাল মাছঘাটের অদূরে মেঘনা নদীতে আরেকটি মালবাহী জাহাজকে ধাক্কা দিলে খবর পেয়ে সেখানে পুলিশ যায়।

এরপর কর্ণফুলীর তালাবন্ধ একটি কেবিন থেকে মো. পারভেজ, মাহবুব হোসেন ও জাহিদুল ইসলাম নামে তিন শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়। জাহাজে পাওয়া যায় রক্তমাখা লোহার রেঞ্জ।

এদিকে এ খবর ছড়িয়ে পড়লে চট্টগ্রামে জাহাজ শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠে এবং কর্ণফুলী-৫ এ ডাকাতি হয়েছে দাবি করে নৌপথে চাঁদাবাজি ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় তারা। এতে চট্টগ্রাম ও মংলা বন্দরে বড় জাহাজ থেকে পণ্য খালাস আটকে যাওয়ার পাশাপাশি নৌপথে পণ্য পরিবহনও বন্ধ হয়ে যায়।

তাদের অভিযোগ, লক্ষ্মীপুরে কমলগগর থানার বাতির শাইল এলাকায় পৌঁছালে জাহাজটি ডাকাতের কবলে পড়ে। এ সময় লাইটারেজে থাকা ১০ শ্রমিকের মধ্যে তিন জনকে কেবিনে আটকে রাখে ডাকাতরা। বাকি সাত শ্রমিক নিখোঁজ বলেও তারা দাবি করেন।

এদিকে জাহাজটির চার্টার মালিক আব্দুস সালাম জাহিদ রোববার পাঁচ জনকে আসামি করে কমলনগর থানায় একটি মামলা দায়ের করেন।এতে জাহাজের গ্রিজার পারভেজ, লস্কর টিটু, শামীম, বাবুর্চি (অজ্ঞাত) ও টিটুর এক  অতিথিকে আসামি করা হয়।

কর্ণফুলীতে অপহরণ বা ডাকাতির ঘটনা ঘটেনি দাবি করে কমলনগর থানার ওসি হুমায়ুন কবির রোববার বলেন, সার পাচার করা নিয়ে নিজেদের মধ্যে মারামারিতে সাতজন নিখোঁজ রয়েছেন।

সোমবার লাশ উদ্ধারের পর তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  এমভি কর্ণফুলী-৫ এর চালক নূর নেওয়াজের লাশ মর্গে পাঠানো হচ্ছে। নিখোঁজ বাকিদেরও উদ্ধারের চেষ্টা চলছে।

এদিকে নৌ শ্রমিকদের ধর্মঘটে অচলাবস্থা সৃষ্টি হওয়ায় রোববার সন্ধ্যায় লাইটারেজ শ্রমিক ইউনিয়নের নেতারা চট্টগ্রাম অঞ্চলের ডিআইজি  শফিকুল ইসলামের সঙ্গে বৈঠকে বসেন।

ওই বৈঠকের  পর প্রশাসনের আশ্বাসে নৌযান শ্রমিকদের একাংশ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিলেও আরেক অংশ কর্মসূচিতে অনড় বলে জানায়। 

পুরনো খবর:

নৌধর্মঘট প্রত্যাহার শ্রমিকদের একাংশের