২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল চলাকালে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ সময় চারজনকে আটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2014, 03:49 PM

Updated : 13 Oct 2022, 12:47 PM

সংঘর্ষে পুলিশ সদস্য ও বিএনপি নেতাকর্মীসহ অন্তত অর্ধশত আহত হয়েছেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার বিএনপি এই বিক্ষোভের আয়োজন করে।

জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল করিম রেজা জানান, দুপুরে জয়দেবপুরের ভাওয়াল রাজবাড়ি সড়কে এ সংঘর্ষ হয়।

ঘটনাস্থল থেকে আটকরা হলেন সোহেল রানা (৩০), আবু সালেহ (২৮), আজিজুল হক (২৭) ও নান্টু।

আহত পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন এসআই সাখাওয়াত হোসেন, হাসানুজ্জামান, কনস্টেবল আইনুলসহ অন্তত ১৭ জন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ওসি রেজাউল বলেন, মিছিলকারীরা ভাওয়াল রাজবাড়ি সড়ক দখল করে মিছিল করায় যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছিল। এজন্য তাদের একাধিকবার ওই সড়কে মিছিল করতে নিষেধ করা হয়।

"কিন্তু মিছিলকারীরা তা না মেনে গাড়ি ভাংচুরের চেষ্টা করে এবং পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় অন্তত ১৭ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

"পরে পুলিশ ২০ রাউন্ড রাবার বুলেট ও তিন রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।"

এ ব্যাপারে জেলা বিএনপির উপদেষ্টা শহিদুজ্জামান বলেন, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এমএ মান্নানের নেতৃত্বে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে পুলিশ অতর্কিতে লাঠিপেটা ও গুলিবর্ষণ করলে এ সংঘর্ষ বাধে।

জেলা বিএনপির সহ-সভাপতি আহাম্মদ আলী রুশদি বলেন, মিছিলের আগে বেলা ১১টার দিকে গাজীপুর মহানগর বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মিছিল করার প্রস্তুতি নিলে পুলিশ বিনা উসকানিতে তাদের লাঠিপেটা করে ও গুলি চালায়।

তিনি জানান, পুলিশের সঙ্গে নেতাকর্মীদের প্রায় আধঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়ায় সিটি করপোরেশনের কাউন্সিলরর শিরিণ চাকলাদার (৪৫), যুবদল নেতা ইউনুছ আলী (৪৩), জাহাঙ্গীর আলম (৪৫), স্থানীয় ব্যবসায়ী বিজয় চক্রবর্তী (৩২), বিএনপি নেত্রী রাশেদা বেগম (৩৮), স্কুলছাত্র মেরাজ (১৪), ছাত্রদলকর্মী রনি সিকদারসহ (২১) অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। 

আহতরা গাজীপুর সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বলে জানান এই বিএনপি নেতা।

গাজীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আব্দুস সালাম সরকার জানান, আহত শিরিণ চাকলাদার, ইউনুছ আলী, জাহাঙ্গীর আলম, বিজয় চক্রবর্তী ও রাশেদা বেগমের শরীরের বিভিন্ন অংশে গুলির স্প্লিন্টার রয়েছে।

তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।